ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জের সোনারগাঁ থেকে কুমিল্লার দাউদকান্দির ইলিয়টগঞ্জ পর্যন্ত প্রায় ৪০ কিলোমিটার এলাকাজুড়ে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। সোনারগাঁয়ের আশরিয়ারচরে সড়ক সংস্কার কাজের কারণে তৈরি হওয়া এই দীর্ঘ যানজটে আটকে ঢাকার পথে এক মুমূর্ষু রোগীর মৃত্যু হয়েছে।
নিহত রোগীর নাম আমিরুন্নেছা (৬০)। তিনি লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জ উপজেলার প্রাণভগবতীপুর গ্রামের বাসিন্দা। পারিবারিক সূত্রে জানা গেছে, গতকাল শুক্রবার রাতে হৃদ্রোগে আক্রান্ত হলে তাঁকে জরুরি ভিত্তিতে অ্যাম্বুলেন্সে নিয়ে ঢাকার উদ্দেশ্যে রওনা হন স্বজনেরা। রাত ১১টার দিকে অ্যাম্বুলেন্সটি কুমিল্লার দাউদকান্দিতে পৌঁছে দীর্ঘ যানজটে আটকা পড়ে। একটানা চার ঘণ্টা একই স্থানে আটকে থাকার পর রাত তিনটার দিকে অ্যাম্বুলেন্সেই মারা যান তিনি।
আজ শনিবার (২৯ আগস্ট) সকাল আটটায় শেষ খবর পাওয়া পর্যন্ত মহাসড়কের ঢাকাগামী লেনে তীব্র যানজট অব্যাহত ছিল। এর আগে শুক্রবার সকাল আটটা থেকে সোনারগাঁয়ের আশরিয়ারচরে ঢাকাগামী লেনে সড়ক সংস্কারকাজ শুরু করার পর থেকেই এই যানজটের সূচনা হয়।
মহাসড়কে দীর্ঘসময় আটকে থাকায় চরম গরমে নারী, শিশু ও বৃদ্ধসহ সাধারণ যাত্রীরা মারাত্মক ভোগান্তির শিকার হচ্ছেন। চট্টগ্রাম থেকে বাগেরহাটগামী মুজাহিদ পরিবহনের যাত্রীরা জানান, রাত আড়াইটায় দাউদকান্দির ইলিয়টগঞ্জে যানজটে আটকা পড়ার পর সকাল আটটা পর্যন্ত সাড়ে ৫ ঘণ্টায় তাঁরা মাত্র ১০ কিলোমিটার পথ অতিক্রম করে আমিরাবাদে পৌঁছাতে পেরেছেন। পরিবহন চালকরা ব্যস্ততম এই মহাসড়কে উন্নয়নকাজের সময়ে ট্রাফিক ব্যবস্থাপনায় হাইওয়ে পুলিশের আরও কার্যকর ভূমিকা দাবি করেছেন।
মুন্সিগঞ্জের গজারিয়ার ভবেরচর হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মোহাম্মদ শামীম জানান, আশরিয়ারচরে সড়ক সংস্কারকাজ চলায় যানবাহন চলাচলের গতি কমে গিয়ে এই বিশাল যানজটের সৃষ্টি হয়েছে। প্রচণ্ড গরমের মধ্যে যানবাহন চলাচল স্বাভাবিক রাখতে এবং যাত্রীদের কষ্ট লাঘবে হাইওয়ে পুলিশ নিরবচ্ছিন্নভাবে দায়িত্ব পালন করে যাচ্ছে।
মতামত