লুট হওয়া ও অবৈধ অস্ত্র উদ্ধারে পুলিশের একটি বিশেষ ইউনিট গঠন করা হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। একই সঙ্গে এসব অস্ত্র উদ্ধারে সঠিক তথ্য দিতে পারলে ১০ হাজার টাকা থেকে শুরু করে সর্বোচ্চ দুই লাখ টাকা পর্যন্ত পুরস্কার প্রদান করা হবে বলেও ঘোষণা দেন তিনি।
আজ শনিবার (২৯ আগস্ট) সকালে রাজারবাগ পুলিশ অডিটোরিয়ামে বাংলাদেশ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের নিয়ে আয়োজিত গত তিন মাসের অপরাধ পর্যালোচনা সভায় যোগ দিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী এ কথা জানান।
সভায় দায়িত্ব পালনকালে আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশ সদস্যরা কর্মক্ষেত্রে আধুনিক প্রযুক্তিগত সহায়তা বৃদ্ধি ও প্রয়োজনীয় অন্যান্য সরঞ্জামের চাহিদার কথা স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে তুলে ধরেন। তাদের এসব দাবির পরিপ্রেক্ষিতে স্বরাষ্ট্রমন্ত্রী জানান, পুলিশের আধুনিকায়ন ও প্রযুক্তিগত সক্ষমতা বাড়াতে কাজ করছে সরকার। একই সাথে দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ও নিয়ন্ত্রণে রাখতে পুলিশ কর্মকর্তাদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন তিনি।
বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ আশা প্রকাশ করে বলেন, সরকারের গৃহীত নানা পদক্ষেপ ও পুলিশের তৎপরতায় ধীরে ধীরে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির আরও উন্নতি ঘটবে।
মতামত