স্বাস্থ্যসেবায় কর্মদক্ষতা,নিষ্ঠা ও ধারাবাহিক সাফল্যের স্বীকৃতি হিসেবে ‘Appreciation for Outstanding Performance’ সম্মাননা পেয়েছে মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স।
বৃহস্পতিবার (২০ আগস্ট) উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের হলরুমে আয়োজিত মাসিক সমন্বয় সভায় সিলেট বিভাগের বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) ডা. মাহবুবুল আলম সম্মাননা ক্রেস্টটি শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সিনথিয়া তাসমিনের হাতে তুলে দেন।
এ সময় উপস্থিত ছিলেন সিলেট বিভাগের সহকারী পরিচালক (স্বাস্থ্য) ডা. নূর এ আলম শামীম,মৌলভীবাজারের সিভিল সার্জন ডা. মামুনুর রহমান,শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. আকাশ নুনিয়া,জুনিয়র কনসালট্যান্ট (সার্জারি) ডা. অশোক ঘোষ,চিকিৎসক, নার্স, কর্মকর্তা-কর্মচারীসহ হাসপাতালের সংশ্লিষ্টরা।
মাসিক সমন্বয় সভায় হাসপাতালের সাম্প্রতিক সেবার অগ্রগতি,মাতৃস্বাস্থ্যসেবা, অপারেশন কার্যক্রম এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে আলোচনা হয়। সভা শেষে হাসপাতালের অসামান্য সেবার স্বীকৃতি হিসেবে এ সম্মাননা প্রদান করা হয়।
হাসপাতাল সূত্রে জানা গেছে, মাতৃস্বাস্থ্যসেবায় ধারাবাহিক সাফল্যের পাশাপাশি স্বাভাবিক প্রসবকে উৎসাহিত করার ক্ষেত্রে প্রতিষ্ঠানটি উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করেছে। ২০২৫ সালের জানুয়ারি থেকে ২০২৬ সালের মার্চ পর্যন্ত ১৫ মাসে এখানে ২ হাজার ৭২৬টি নরমাল ডেলিভারি সম্পন্ন হয়। একই সময়ে জটিল পরিস্থিতিতে শতাধিক সিজারিয়ান অপারেশনও করা হয়েছে। সর্বশেষ জুলাই ২০২৬ মাসে ১৬৩টি নরমাল ডেলিভারি ও ৮টি সিজারিয়ান অপারেশন সম্পন্ন হয়।
এর আগে ২০২৫ সালের আগস্টে এক মাসে সর্বোচ্চ ২২০টি নরমাল ডেলিভারি সম্পন্ন করে হাসপাতালটি। একই বছরের এপ্রিল ও মে মাসে যথাক্রমে ১৪৪ ও ১২৪টি নরমাল ডেলিভারি হয়।
হাসপাতালে স্থায়ী গাইনি বিশেষজ্ঞ না থাকলেও ডা. সিনথিয়া তাসমিনের উদ্যোগে মৌলভীবাজার ২৫০ শয্যাবিশিষ্ট হাসপাতাল থেকে বিশেষজ্ঞ চিকিৎসকদের এনে জরুরি মাতৃস্বাস্থ্যসেবা চালু রাখা হয়েছে। প্রথম সন্তান সিজারের মাধ্যমে জন্ম নেওয়া মায়েদের পরবর্তী সন্তান স্বাভাবিক প্রসবের ক্ষেত্রেও বিশেষ পর্যবেক্ষণ ও প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হচ্ছে।
বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) ডা. মাহবুবুল আলম বলেন,মাঠপর্যায়ে জনগণকে মানসম্মত স্বাস্থ্যসেবা দেওয়ার ক্ষেত্রে শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কার্যক্রম প্রশংসনীয়। ধারাবাহিক কর্মদক্ষতা ও সেবার মানোন্নয়নের স্বীকৃতি হিসেবেই এ সম্মাননা দেওয়া হয়েছে। এ সাফল্য ধরে রেখে ভবিষ্যতে আরও উন্নত সেবা নিশ্চিত করার আহ্বান জানান তিনি।
সিভিল সার্জন ডা. মামুনুর রহমান বলেন, সীমিত সুযোগ-সুবিধার মধ্যেও চিকিৎসক, নার্স ও স্বাস্থ্যকর্মীদের সমন্বিত প্রচেষ্টায় শ্রীমঙ্গল স্বাস্থ্য কমপ্লেক্স ভালো করছে। এ অর্জন সংশ্লিষ্টদের আরও দায়িত্বশীল ও জনবান্ধব সেবা প্রদানে উৎসাহিত করবে।
ডা. সিনথিয়া তাসমিন বলেন,এ সম্মাননা কোনো একক ব্যক্তির অর্জন নয়; হাসপাতালের প্রতিটি চিকিৎসক,নার্স, কর্মকর্তা-কর্মচারীর সম্মিলিত প্রচেষ্টার ফল। জনগণের আস্থা ও প্রত্যাশাকে গুরুত্ব দিয়ে সেবার মান আরও উন্নত করার চেষ্টা অব্যাহত থাকবে।
আরএমও ডা. আকাশ নুনিয়া বলেন,এ স্বীকৃতি হাসপাতালের পুরো টিমের দায়িত্ব আরও বাড়িয়ে দিয়েছে। রোগীদের সর্বোচ্চ গুরুত্ব দিয়ে সেবার মানোন্নয়নে সবাইকে আরও আন্তরিকভাবে কাজ করতে হবে।
জুনিয়র কনসালট্যান্ট (সার্জারি) ডা. অশোক ঘোষ বলেন,হাসপাতালের অপারেশন থিয়েটার কার্যক্রম সচল রাখা এবং জটিল সাধারণ সার্জারি সফলভাবে সম্পন্ন করতে সংশ্লিষ্ট সবাই সমন্বিতভাবে কাজ করছেন। এ সম্মাননা ভবিষ্যতে আরও দায়িত্বশীল সেবা প্রদানে উৎসাহ জোগাবে।
হাসপাতাল সংশ্লিষ্টরা জানান, মাতৃস্বাস্থ্যসেবায় ধারাবাহিক সাফল্য, স্বাভাবিক প্রসবের হার বৃদ্ধি এবং সার্বিক চিকিৎসাসেবার উন্নয়নের ফলে শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ইতোমধ্যে দেশের উল্লেখযোগ্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোর তালিকায় জায়গা করে নিয়েছে। বিভাগীয় পর্যায়ের এ সম্মাননা সেই ধারাবাহিক সাফল্যেরই স্বীকৃতি।
মতামত