মৌলভীবাজার-৩ (সদর-রাজনগর) আসনের সংসদ সদস্য এম নাসের রহমান ন্যাশনাল ডিফেন্স কলেজের (এনডিসি) তিন সপ্তাহব্যাপী ‘ক্যাপস্টোন কোর্স ২০২৬/২’ সফলভাবে সম্পন্ন করেছেন। কোর্স শেষে বৃহস্পতিবার (২০ আগষ্ট) মিরপুর সেনানিবাসে আয়োজিত সমাপনী অনুষ্ঠানে তাঁর হাতে সনদপত্র তুলে দেন বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান।
আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) জানায়,এনডিসির আয়োজনে অনুষ্ঠিত এ কোর্সে সংসদ সদস্য, জ্যেষ্ঠ সামরিক কর্মকর্তা,শিক্ষাবিদ, চিকিৎসক,সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের উচ্চপদস্থ প্রতিনিধি, কূটনীতিক ও ব্যবসায়ীসহ বিভিন্ন পেশার ৩৯ জন ফেলো অংশ নেন।
সমাপনী অনুষ্ঠানে সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান কোর্স সফলভাবে সম্পন্ন করায় অংশগ্রহণকারীদের অভিনন্দন জানান। একই সঙ্গে জাতীয় নিরাপত্তা সুদৃঢ় করা এবং দেশের টেকসই উন্নয়ন নিশ্চিত করতে নিজ নিজ সাংবিধানিক দায়িত্ব পালনে সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানান তিনি।
এনডিসির কমান্ড্যান্ট লেফটেন্যান্ট জেনারেল মো. ফয়জুর রহমান জাতীয় গুরুত্বপূর্ণ বিষয়ে অব্যাহত সংলাপ ও ঐকমত্য গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন,কোর্সে ফেলোদের সক্রিয় অংশগ্রহণ তাঁদের কৌশলগত উপলব্ধি বাড়ানোর পাশাপাশি বিভিন্ন খাতের নেতৃত্বের মধ্যে জাতীয় মেলবন্ধন তৈরিতে সহায়ক হয়েছে।
ক্যাপস্টোন কোর্সটি জাতীয় নিরাপত্তা ও উন্নয়ন বিষয়ে কৌশলগত সচেতনতা বৃদ্ধি, গঠনমূলক চিন্তার বিকাশ,আন্তঃবিভাগীয় সহযোগিতা জোরদার এবং অভিন্ন জাতীয় দৃষ্টিভঙ্গি তৈরির লক্ষ্যে পরিচালিত হয়।
সনদ গ্রহণের পর এম নাসের রহমান বলেন,দেশের বিভিন্ন খাতের অভিজ্ঞ ও দায়িত্বশীল ব্যক্তিদের সঙ্গে একই প্ল্যাটফর্মে থেকে জাতীয় নিরাপত্তা,উন্নয়ন ও রাষ্ট্রীয় স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে জানার এবং মতবিনিময়ের সুযোগ তাঁর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ অভিজ্ঞতা। এই কোর্স থেকে অর্জিত জ্ঞান ও অভিজ্ঞতা ভবিষ্যতে নিজ দায়িত্ব পালনে কাজে লাগানোর প্রত্যয় ব্যক্ত করেন তিনি।
এম নাসের রহমান বাংলাদেশের বিশিষ্ট রাজনীতিবিদ ও ব্যবসায়ী এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) জাতীয় নির্বাহী কমিটির সদস্য। তিনি মৌলভীবাজার-৩ আসনের সংসদ সদস্য। তাঁর বাবা প্রয়াত এম সাইফুর রহমান ছিলেন বাংলাদেশের সাবেক অর্থমন্ত্রী ও দেশের প্রখ্যাত রাজনীতিক।
সমাপনী অনুষ্ঠানে সশস্ত্র বাহিনী,বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন সামরিক ও বেসামরিক কর্মকর্তা, এনডিসির অনুষদ সদস্য এবং কোর্সে অংশগ্রহণকারী ফেলোরা উপস্থিত ছিলেন।
মতামত