যুব উন্নয়ন অধিদফতর ঘেরাওয়ের ঘোষণায় সতর্ক অবস্থানে রয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। আজ রবিবার (১১ অক্টোবর) সকাল থেকেই মতিঝিলের যুব উন্নয়ন অধিদফতরের প্রধান কার্যালয়ের সামনে অতিরিক্ত পোশাকে ও সাদাপোশাকে পুলিশের অবস্থান দেখা যায়।
প্রশ্নপত্র ফাঁসের কারণে শনিবার যুব উন্নয়ন অধিদফতরের লিখিত পরীক্ষা না হওয়ার ঘটনায় জাতীয় নাগিরক পার্টি-এনসিপির সহযোগী সংগঠন জাতীয় যুবশক্তি এ ঘেরাওয়ের ডাক দেয়।
মতিঝিল থানার ওসি কামরুজ্জামান তালুকদার জানান, জাতীয় যুবশক্তির ঘেরাওয়ের ডাকে কোনও অপ্রিতিকর ঘটনা যেন না ঘটে, সে জন্য প্রতিরোধমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে। তারা ১১টায় আসবে বলে শুনেছি, কিন্তু তারা সাড়ে ১১টা পর্যন্ত আসেনি। আমরা অপ্রিতিকর ঘটনা এড়াতে সতর্ক অবস্থানে রয়েছি।
সরেজমিনে যুব উন্নয়ন অফিসের সামনে ব্যারিকেড দেওয়া দেখা যায়। এছাড়াও তিন চারটি পুলিশের গাড়ির উপস্থিতিও ছিল।
প্রসঙ্গত, শনিবার পরীক্ষা হওয়ার কথা থাকলেও প্রশ্নপত্র ফাঁস হওয়ার ঘটনায় সকালে পরীক্ষা বাতিল করে কর্তৃপক্ষ। এর প্রতিবাদে চাকরিপ্রার্থীরা সড়ক অবরোধ করে বিক্ষোভও করেন। আর এ ঘটনায় জাতীয় যুবশক্তি আজ রবিবার সকাল ১১টায় যুব উন্নয়ন অধিদফতর ঘেরাওয়ের ঘোষণা দেয়। তবে সাড়ে ১১টা পর্যন্ত যুবশক্তির কাউকে দেখা যায়নি।
মতামত