হবিগঞ্জের চুনারুঘাটে একটি বাঁশঝাড় থেকে ম্যাগাজিনসহ একটি বিদেশি পিস্তল ও দুই রাউন্ড গুলি উদ্ধার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-৯-এর একটি আভিযানিক দল।
বুধবার (৭ অক্টোবর) দিবাগত রাত ৩টা ৫০ মিনিটের দিকে উপজেলার বৈরাগী টিলার পাশে অভিযান চালিয়ে এসব অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়।
এসআরবি-৯,সিপিসি-৩-এর শায়েস্তাগঞ্জ ক্যাম্প সূত্রে জানা যায়,রাত আনুমানিক ৩টা ২০ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারে,চুনারুঘাট থানার বৈরাগী টিলার পাশে কয়েকজন ব্যক্তি মাদকদ্রব্য কেনাবেচার উদ্দেশ্যে অবস্থান করছেন। খবর পেয়ে রাত ৩টা ৫০ মিনিটের দিকে এসআরবির একটি দল সেখানে অভিযান চালায়।
অভিযানের সময় বৈরাগী টিলার পাশের একটি বাঁশঝাড়ে তল্লাশি চালিয়ে সাদা কাপড়ে মোড়ানো অবস্থায় পরিত্যক্ত একটি বস্তু দেখতে পান সদস্যরা। পরে সেটি খুলে ম্যাগাজিনসহ ৭.৬৫ মিমি মডেলের একটি সক্রিয় বিদেশি পিস্তল এবং একই মডেলের দুই রাউন্ড গুলি উদ্ধার করা হয়।
এসআরবি জানিয়েছে,উদ্ধার করা পিস্তলটির গায়ে ‘ASUPER UNIVERSEL, MADE IN ITALY’ এবং ‘026M KLR NO-11011’ লেখা রয়েছে।
তবে অস্ত্র ও গুলি উদ্ধারের সময় ঘটনাস্থল থেকে সংশ্লিষ্ট কোনো ব্যক্তিকে আটক করা সম্ভব হয়নি। উদ্ধারকৃত অস্ত্র ও গুলির সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত করতে এসআরবি-৯-এর তদন্ত কার্যক্রম অব্যাহত রয়েছে।
পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য উদ্ধারকৃত আলামত জিডির মাধ্যমে চুনারুঘাট থানায় হস্তান্তর করা হয়েছে।
এসআরবি-৯,সিলেটের মিডিয়া অফিসার ও অতিরিক্ত পুলিশ সুপার কে এম শহিদুল ইসলাম সোহাগ স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।
এসআরবি-৯ জানিয়েছে,দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে তাদের গোয়েন্দা তৎপরতা ও অভিযান অব্যাহত রয়েছে।
মতামত