হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে দুই বিমানকর্মীর জুতার ভেতর লুকানো ৮০টি স্বর্ণের বার উদ্ধার করেছে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর (সিআইআইডি)। উদ্ধার হওয়া স্বর্ণের মোট ওজন প্রায় ৯ দশমিক ৩৪ কেজি। এর আনুমানিক বাজারমূল্য ১৬ কোটি ২৫ লাখ টাকা।
গোপন সংবাদের ভিত্তিতে বিমানবন্দরে অবস্থান নেয় সিআইআইডির একটি দল। পরে দুবাই থেকে ঢাকায় আসা এমিরেটস এয়ারলাইন্সের EK0582 ফ্লাইটের রানওয়েতে দুই বিমানকর্মীর চলাফেরা সন্দেহজনক মনে হলে তাদের তল্লাশি করা হয়।
তল্লাশির একপর্যায়ে তাদের পরা জুতার ভেতর বিশেষ কৌশলে লুকিয়ে রাখা স্বর্ণের বারগুলো পাওয়া যায়। কর্মকর্তারা জানান, উদ্ধার হওয়া ৮০টি বারের প্রতিটির ওজন প্রায় ১১৭ গ্রাম। সব মিলিয়ে স্বর্ণের পরিমাণ দাঁড়ায় প্রায় ৯ দশমিক ৩৪ কেজি।
কাস্টমস গোয়েন্দা সূত্র জানিয়েছে, জুতার ভেতরে স্বর্ণ লুকিয়ে আনার ঘটনা চোরাচালানের একটি অভিনব পদ্ধতি। এসব স্বর্ণ কোথা থেকে সংগ্রহ করা হয়েছিল এবং ঢাকায় কার কাছে পৌঁছে দেওয়ার কথা ছিল, তা জানতে তদন্ত শুরু হয়েছে।
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, একটি সংঘবদ্ধ চক্র বিমানকর্মীদের ব্যবহার করে স্বর্ণ চোরাচালানের চেষ্টা করে থাকতে পারে। এ ঘটনায় আর কেউ জড়িত কি না, তা খতিয়ে দেখতে সংশ্লিষ্টদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র।
মতামত