রাজধানী ঢাকা থেকে আজ প্রকাশিত প্রধান প্রধান জাতীয় পত্রিকাগুলোতে ক্ষমতাসীন দল বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে চাঁদাবাজি ও দখলদারিত্বের চাঞ্চল্যকর অভিযোগ, শীর্ষস্থানীয় বেসরকারি স্বাস্থ্যকেন্দ্র ও কন্টেন্ট ক্রিয়েটরের স্টুডিওতে সন্ত্রাসী হামলা এবং কিশোর গ্যাংয়ের আধিপত্যের খবর প্রাধান্য পেয়েছে। একই সঙ্গে অর্থবছরের শুরুতেই রাজস্ব ঘাটতি, পায়রা বিদ্যুৎ কেন্দ্রের ঋণ সংকট ও ইরানের বিরুদ্ধে মার্কিন অনমনীয় অবস্থানের চিত্র উঠে এসেছে।
ডিএমপির চাঁদাবাজদের তালিকায় শীর্ষে বিএনপি (নিউ এইজ): ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) তৈরি চাঁদাবাজ ও দখলদারদের এক হাজার ৫৩০ জনের তালিকায় ২৩০ জন বর্তমান ও সাবেক বিএনপি নেতা-কর্মীকে অপরাধের পৃষ্ঠপোষক হিসেবে চিহ্নিত করা হয়েছে। পাশাপাশি মাঠপর্যায়ের ১,২৫২ জন সক্রিয় চাঁদাবাজের মধ্যে অন্তত ৩৫০ জন দলটির সঙ্গে যুক্ত। ফুটপাত, পরিবহন, বর্জ্য ব্যবস্থাপনা ও জমি দখল খাতে দেড় বছরের অনুসন্ধানে এ তালিকা তৈরি করেছে পুলিশ।
রাড্ডা স্বাস্থ্যকেন্দ্র গুঁড়িয়ে দেওয়ার নির্দেশদাতারা অধরা (মানবজমিন, সমকাল ও আজকের পত্রিকা): মিরপুর ১ নম্বরের ‘রাড্ডা এমসিএইচ’ স্বাস্থ্যকেন্দ্রে হামলা ও লুটপাটের ঘটনায় সমিতির সম্পাদক শাহ আলম গাজীকে গ্রেপ্তার করা হলেও নেপথ্যের মূল প্রভাবশালী ও বিএনপি নেতা মো. হানিফ মিয়াসহ প্রধান ইন্ধনদাতারা এখনও ধরাছোঁয়ার বাইরে। পুলিশের উপস্থিতিতেই জমি দখলের উদ্দেশ্যে দুই ট্রাক মালামাল লুট করা হয়, যা পরে পুলিশ উদ্ধার করে। ব্যাপক ভাঙচুরের মধ্যেও ধ্বংসস্তূপের সামনে বসে স্বাস্থ্যকর্মীরা সীমিত পরিসরে রোগীদের টিকা ও চিকিৎসাসেবা দিয়ে যাচ্ছেন।
আগ্নেয়াস্ত্র নিয়ে সালমান মুক্তাদিরের স্টুডিওতে তাণ্ডব (প্রথম আলো): ইসিবি চত্বরের নিউগিনি প্রপার্টিজে ৫টি পিকআপে করে আসা ২০০-৩০০ জন সশস্ত্র দুর্বৃত্ত আগ্নেয়াস্ত্র নিয়ে গুলি করতে করতে ঢুকে তাণ্ডব চালিয়েছে। এতে কন্টেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিও, প্রপার্টিজের কার্যালয় ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয় এবং নির্মাণশ্রমিকদের মারধর করা হয়। ৩৫ কাঠা জমির মালিকানা বিরোধের জেরে এ হামলা হলেও স্বরাষ্ট্রমন্ত্রী সালমান মুক্তাদিরকে 'ঘটনার শিকার' হিসেবে উল্লেখ করেছেন।
অভিযানেও বেপরোয়া কিশোর গ্যাং (কালের কণ্ঠ): কুমিল্লায় স্কুলছাত্র অপ্রতিম হত্যাকাণ্ডের পর সারা দেশে অভিযান চালিয়ে ৮৭৮ জনকে আটক করা হলেও চট্টগ্রাম, খুলনা, বরিশাল ও ঢাকায় কিশোর গ্যাংয়ের হামলা-ছিনতাই কমেনি। চট্টগ্রামে ৫০টির বেশি, বরিশালে প্রায় ৫০টি এবং খুলনায় ১০টি কিশোর অপরাধী চক্রের সক্রিয় থাকার তথ্য মিলেছে।
শুরুতেই বাজেটের অর্থ জোগান নিয়ে দুশ্চিন্তা (বণিক বার্তা): ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার রেকর্ড বাজেটের বিপরীতে এনবিআরের ৭ লাখ কোটি টাকা রাজস্ব আহরণের লক্ষ্য থাকলেও প্রথম দুই মাসে (জুলাই-আগস্ট) এসেছে মাত্র ৫১ হাজার ৮৯২ কোটি টাকা (লক্ষ্যমাত্রা ছিল ৮১,০৫৩ কোটি টাকা)। অর্থনৈতিক স্থবিরতা, উচ্চ ভর্তুকি, জ্বালানি ক্রয়ের বাড়তি ব্যয় এবং মূল্যস্ফীতির কারণে অর্থবছরের প্রথম প্রান্তিকেই মারাত্মক টানাপোড়েনে পড়েছে সরকার।
পায়রা বিদ্যুৎ কেন্দ্রের দ্বিতীয় ইউনিটে চীনের 'না' (দেশ রূপান্তর): পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্রের দ্বিতীয় ইউনিটের জন্য চীনা এক্সিম ব্যাংকের দেড় বিলিয়ন ডলারের (১.৫ বিলিয়ন) ঋণ ছাড় নিয়ে দেখা দিয়েছে তীব্র অনিশ্চয়তা। চীনা সরকারের নতুন পরিবেশ নীতি এবং পূর্ববর্তী অন্তর্বর্তী সরকারের দীর্ঘসূত্রতার কারণেই এ স্থবিরতা তৈরি হয়েছে। ইনভেস্ট বাংলাদেশ-এর চেয়ারম্যান আশিক চৌধুরী সম্প্রতি চীনা প্রতিনিধিদলের সাথে বৈঠক করলেও নীতিনির্ধারণী বিষয় থাকায় কোনো মন্তব্য করতে রাজি হননি।
সুত্রঃ বিবিসি বাংলা
মতামত