সংবিধানে যেকোনো ধরনের মৌলিক সংশোধনী আনতে হলে রাষ্ট্রপতির স্বাক্ষরের আগেই জনগণের রায়ের জন্য গণভোট (রেফারেন্ডাম) আয়োজন করা হবে বলে জানিয়েছেন সংবিধান সংশোধন সংক্রান্ত বিশেষ কমিটির সভাপতি ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
রবিবার (২৭ সেপ্টেম্বর ২০২৬) দুপুরে জাতীয় সংসদের ক্যাবিনেট কক্ষে আয়োজিত সংবিধান সংস্কার বিষয়ক বিশেষ কমিটির তৃতীয় বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা জানান তিনি। আগামী বছরের জানুয়ারি মাসেই সংবিধান সংশোধনী প্রস্তাব বিল আকারে জাতীয় সংসদে পেশ করা হবে বলেও তিনি নিশ্চিত করেন।
বৈঠক শেষে সাংবিধানিক নিয়মের কথা উল্লেখ করে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেন, সংবিধানের মৌলিক কোনো জায়গায় হাত দিলে গণভোটের মাধ্যমে জনগণের সম্মতি নেওয়া বাধ্যবাধকতা।
কোন ক্ষেত্রে গণভোট: স্বরাষ্ট্রমন্ত্রী জানান, "আমরা যদি সংবিধানে এমন কোনো পরিবর্তন আনি, যাতে সংবিধানের প্রস্তাবনা এবং অনুচ্ছেদ ৮, ৪৮, ৫৬ কিংবা ১৪২-এর মধ্যে কোনো সংশোধনী আসে—তবে অবশ্যই সেটিকে রেফারেন্ডামে দিতে হবে। সংসদে পাস হওয়ার পর রাষ্ট্রপতি স্বাক্ষরের পূর্বেই তা জনগণের গণভোটে দেওয়া হবে।"
এই সংশোধনীতে 'জুলাই জাতীয় সনদ'-কে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে উল্লেখ করে তিনি জানান, বিজয়ী দল হিসেবে সরকারের নির্বাচনী ইশতেহার এবং জনগণের দেওয়া ম্যান্ডেটের প্রতিফলনে প্রয়োজনীয় বিষয়গুলো সংবিধানে যুক্ত করা হবে। এর মধ্যে মূল প্রস্তাবনায় 'মহান আল্লাহর ওপর পূর্ণ আস্থা ও বিশ্বাস' পুনর্বহাল করার বিষয়টি বিশেষভাবে প্রাধান্য পাচ্ছে।
কমিটির ৩য় এই বৈঠকে বিভিন্ন জাতীয় দৈনিক পত্রিকার সম্পাদক ও জ্যেষ্ঠ সাংবাদিকেরা অংশ নেন।
বৈঠকে অংশ নেওয়া গণমাধ্যমকর্মীরা সংবিধানের অন্যতম মূল স্তম্ভ হিসেবে গণমাধ্যমকে রাষ্ট্রের ‘চতুর্থ স্তম্ভ’ (Fourth Estate) হিসেবে আনুষ্ঠানিকভাবে সাংবিধানিক স্বীকৃতি দেওয়ার জোর দাবি জানান।
বৈঠকে অংশ নিয়ে দৈনিক দেশ রূপান্তর-এর সম্পাদক মুস্তাফিজ শফি বলেন, "আমরা কমিটিকে স্পষ্ট বলেছি, সর্বোচ্চ আন্তরিকতার সঙ্গে যাতে প্রধান বিরোধী দলকে সংবিধান সংস্কারের এই প্রক্রিয়ায় যুক্ত করা যায়, সরকারকে সেই ব্যবস্থা করতে হবে।"
বিরোধী দলের উপস্থিতি নিশ্চিত করার বিষয়ে সালাহউদ্দিন আহমদ বলেন, বিরোধী দলকে কমিটিতে অংশ নেওয়ার জন্য বারবার উন্মুক্ত আহ্বান জানানো হয়েছে এবং এখনো আহ্বান জানানো হচ্ছে। তবে চূড়ান্তভাবে বৈঠকে অংশ নেওয়া বা না নেওয়া বিরোধী দলের নিজস্ব সিদ্ধান্তের বিষয়।
মতামত