মিরপুরের শাহ আলী থানা এলাকায় রাড্ডা ক্লিনিকে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনায় পুলিশের নিষ্ক্রিয়তা এবং দায়িত্বে অবহেলার প্রাথমিক প্রমাণ পাওয়া গেছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
রোববার (২৭ সেপ্টেম্বর) বাংলাদেশ সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে আইনশৃঙ্খলা পরিস্থিতি ও সমসাময়িক বিষয় নিয়ে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে তিনি এ তথ্য জানান।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, গত ২৫ সেপ্টেম্বর মধ্যরাতে রাড্ডা ক্লিনিকে হামলার ঘটনায় শাহ আলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) তাৎক্ষণিক প্রত্যাহার করা হয়েছে। তার বিরুদ্ধে বিভাগীয় মামলা করার প্রক্রিয়াও শুরু হয়েছে।
ঘটনাটি তদন্ত ও সরেজমিনে পরিস্থিতি পর্যালোচনার জন্য ডিএমপি কমিশনারকে নির্দেশ দেওয়া হয়েছিল বলেও জানান তিনি। পুলিশ এরই মধ্যে ঘটনায় জড়িত থাকার অভিযোগে ৯ জনকে গ্রেপ্তার করেছে। পাশাপাশি বিভিন্ন মালামাল ও আলামত উদ্ধার করা হয়েছে।
সালাহউদ্দিন আহমদ বলেন, হামলা ও ভাঙচুরের সঙ্গে জড়িত প্রত্যেকের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে। আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটানোর যেকোনো চেষ্টা কঠোরভাবে দমন করা হবে।
অপরাধীদের রাজনৈতিক পরিচয় বিবেচনা করা হবে না উল্লেখ করে তিনি বলেন, অপরাধী যে দলেরই হোক, তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
পুলিশ কর্মকর্তাদের বদলি প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, দায়িত্বে অবহেলা বা অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ থাকলে শুধু বদলি করেই বিষয়টি শেষ করা হবে না। কোনো কর্মকর্তা ফৌজদারি অপরাধ বা রাষ্ট্রদ্রোহিতার মতো ঘটনায় জড়িত থাকলে তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থার পাশাপাশি নিয়মিত মামলাও করা হচ্ছে।
এ প্রসঙ্গে ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসির বিরুদ্ধে তদন্ত, ফরেনসিক পরীক্ষা, মামলা ও গ্রেপ্তারের বিষয়টিও উল্লেখ করেন তিনি। পুলিশ বাহিনীতে কোনো ধরনের অপরাধ বরদাশত করা হবে না বলেও জানান স্বরাষ্ট্রমন্ত্রী।
জনগণের নিরাপত্তা ও আইনশৃঙ্খলা নিশ্চিত করতে সরকার জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে বলে বক্তব্যে পুনর্ব্যক্ত করেন সালাহউদ্দিন আহমদ।
মতামত