‘জয় বাংলা ব্রিগেড’-এর জুম মিটিংয়ে অংশ নিয়ে অন্তর্বর্তীকালীন সরকার উৎখাত এবং রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ২৮৬ জনের বিরুদ্ধে করা মামলায় চার্জ গঠনের শুনানির জন্য আগামী ১৫ অক্টোবর দিন ধার্য করেছেন আদালত।
বুধবার (৩০ সেপ্টেম্বর) ঢাকার তৃতীয় অতিরিক্ত মহানগর দায়রা জজ মঈন উদ্দিন চৌধুরী ছুটিতে থাকায় নির্ধারিত দিনে চার্জ গঠনের শুনানি হয়নি। পরে ভারপ্রাপ্ত বিচারক মোসাদ্দেক মিনহাজ নতুন তারিখ নির্ধারণ করেন।
বিষয়টি নিশ্চিত করেছেন আসামিপক্ষের আইনজীবী মোরশেদ আলম শাহীন।
এ মামলায় গ্রেপ্তার আওয়ামী লীগের সংরক্ষিত নারী আসনের সাবেক সংসদ সদস্য সাবিনা আক্তার তুহিনকে আদালত থেকে কারাগারে নেওয়ার সময় তিনি ক্ষোভ প্রকাশ করেন। তিনি বলেন, মামলায় কারাগারে থাকা নারীরা অসুস্থ হয়ে পড়ছেন এবং তাদের আর কতবার আদালতে হাজির হতে হবে।
প্রিজনভ্যানে দাঁড়িয়ে তুহিন আরও বলেন, আওয়ামী লীগ করার কারণে তার ফাঁসি হলেও তিনি দলটির রাজনীতি করবেন। তার দাবি, তারা রাজনীতি করেছেন, তবে কোনো হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত নন।
প্রধানমন্ত্রী তারেক রহমানের উদ্দেশে তুহিন বলেন, যারা নিরপরাধ তাদের ছেড়ে দেওয়ার কথা বলা হয়েছে। আওয়ামী লীগ করা এবং রাজনীতি করা তার গণতান্ত্রিক ও সাংবিধানিক অধিকার বলেও দাবি করেন তিনি।
মামলার নথি অনুযায়ী, ২০২৫ সালের ২৭ মার্চ শেখ হাসিনাসহ ৭৩ জনের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের অভিযোগে মামলাটি করেন সিআইডির সহকারী বিশেষ পুলিশ সুপার মো. এনামুল হক। তদন্ত শেষে গত ৩০ জুলাই শেখ হাসিনাসহ মোট ২৮৬ জনকে আসামি করে আদালতে অভিযোগপত্র জমা দেন তিনি।
মামলার অভিযোগে বলা হয়েছে, ২০২৪ সালের ১৯ ডিসেম্বর যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সহসভাপতি ড. রাব্বী আলমের নেতৃত্বে আয়োজিত ‘জয় বাংলা ব্রিগেড’-এর জুম সভায় শেখ হাসিনাসহ কয়েকশ নেতাকর্মী অংশ নেন। ওই সভায় শেখ হাসিনা দেশবিরোধী বক্তব্য দেন এবং অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ড. মুহাম্মদ ইউনূসকে উৎখাতের নির্দেশ দেন বলে অভিযোগ করা হয়েছে।
মতামত