মধ্যপ্রাচ্য থেকে অপরিশোধিত তেল সরবরাহ ধীরে ধীরে স্বাভাবিক হওয়ায় সম্প্রতি আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম কিছুটা কমেছিল। তবে ইরানের ওপর নিষেধাজ্ঞা শিথিল করার কোনো সম্ভাবনা নেই বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার এই অবস্থানের পর বিশ্ববাজারে আবারও বাড়তে শুরু করেছে অপরিশোধিত তেলের দাম।
বুধবার (৩০ সেপ্টেম্বর) বাংলাদেশ সময় সকাল সাড়ে ৭টার দিকে আন্তর্জাতিক বাজারের বেঞ্চমার্ক ব্রেন্ট ক্রুডের ফিউচার মূল্য ব্যারেলপ্রতি ১ দশমিক ১৪ ডলার বা ১ দশমিক ১১ শতাংশ বেড়ে ১০৩ দশমিক ৭৩ ডলারে ওঠে।
একই সময়ে যুক্তরাষ্ট্রের বেঞ্চমার্ক ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) ক্রুডের দামও ব্যারেলপ্রতি ৩৪ সেন্ট বা শূন্য দশমিক ৩৮ শতাংশ বেড়ে ৮৯ দশমিক ৭২ ডলারে দাঁড়ায়।
চলতি সেপ্টেম্বর মাসে ব্রেন্ট ক্রুডের দাম প্রায় ১৪ শতাংশ বাড়তে পারে। জুলাইয়ের পর এক মাসে এটিই ব্রেন্টের সর্বোচ্চ মূল্যবৃদ্ধি হতে পারে। অন্যদিকে, মে মাসের পর প্রথমবারের মতো ১০৬ ডলারের সীমা ছাড়ানো ডব্লিউটিআই ক্রুড সেপ্টেম্বর শেষে প্রায় ৪ শতাংশ মূল্যবৃদ্ধির পথে রয়েছে।
জ্বালানি বিশ্লেষক প্রতিষ্ঠান কেপলারের তথ্য বলছে, ২৪ থেকে ২৭ সেপ্টেম্বর পর্যন্ত নিশ্চিত হওয়া দৈনিক তেল পরিবহনের পরিমাণে বড় ধরনের ওঠানামা ছিল। এ সময়ে প্রতিদিন গড়ে ৬৫ লাখ থেকে ১ কোটি ২৬ লাখ ব্যারেল তেল পরিবহন হয়েছে। সাম্প্রতিক দিনের প্রাথমিক তথ্য যাচাই ও চূড়ান্ত হিসাব সম্পন্ন হলে এই পরিমাণ আরও বাড়তে পারে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি।
এর আগে সোমবার (২৮ সেপ্টেম্বর) কেপলার জানায়, সেপ্টেম্বর মাসে মধ্যপ্রাচ্যের তেল উৎপাদনকারী দেশগুলো থেকে অপরিশোধিত তেল রপ্তানি বেড়ে দৈনিক ১ কোটি ৬৩ লাখ ২৮ হাজার ব্যারেলে পৌঁছেছে। ফেব্রুয়ারির শেষ দিকে ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের যুদ্ধ শুরু হওয়ার পর এটাই মধ্যপ্রাচ্য থেকে অপরিশোধিত তেল রপ্তানির সর্বোচ্চ পরিমাণ বলে জানিয়েছে সংস্থাটি।
মতামত