জাতিসংঘের ৮১তম সাধারণ অধিবেশনের সভাপতি খলিলুর রহমানের কার্যালয়ে লিগ্যাল অফিসার হিসেবে প্রধানমন্ত্রীর কন্যা ব্যারিস্টার জাইমা রহমানের নিয়োগের সঙ্গে বাংলাদেশ সরকারের কোনো সম্পৃক্ততা নেই বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর শিক্ষা ও প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা মাহদী আমিন।
বুধবার (৩০ সেপ্টেম্বর) বিকেলে রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ের কবরী হলে আয়োজিত সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
জাইমা রহমানের নিয়োগ নিয়ে দেশে ছড়িয়ে পড়া বিভিন্ন গুজবের সমালোচনা করে মাহদী আমিন বলেন, প্রয়োজনীয় সব পেশাগত যোগ্যতা পূরণ করেই নিজ মেধা ও যোগ্যতায় জাতিসংঘের এ দায়িত্বশীল পদে নিয়োগ পেয়েছেন তিনি। এ কারণে তার প্রশংসা করা উচিত বলেও মন্তব্য করেন তিনি।
মাহদী আমিন বলেন, জাইমা রহমান পি-৩ পর্যায়ের একটি পদে নিয়োগ পেয়েছেন। এ পদের জন্য পাঁচ বছরের অভিজ্ঞতা প্রয়োজন এবং তার পেশাগত প্রোফাইল সেই যোগ্যতার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। নিজের যোগ্যতা ও মেধার ভিত্তিতে তিনি জাতিসংঘে দায়িত্ব পালন করছেন।
তিনি আরও বলেন, জাইমা রহমানের নিয়োগের সঙ্গে বাংলাদেশ সরকারের ন্যূনতম কোনো সম্পৃক্ততাও নেই। অতীতে রাজনৈতিক কারণে জাতিসংঘে পারিবারিক প্রভাব বিস্তারের চেষ্টা হয়েছে—এমন ধারার সঙ্গে বর্তমান নিয়োগকে মিলিয়ে দেখার সুযোগ নেই বলেও মন্তব্য করেন তিনি।
প্রধানমন্ত্রী তারেক রহমানের জাতিসংঘের ৮১তম সাধারণ অধিবেশনে অংশগ্রহণ, বিভিন্ন কর্মসূচি, বিশ্ব নেতাদের সঙ্গে বৈঠক এবং নিউইয়র্ক সফরের সার্বিক বিষয় তুলে ধরতে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলী ও অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন উপস্থিত ছিলেন।
মতামত