ঢাকার মিরপুরে রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টার গুঁড়িয়ে দেওয়ার ঘটনায় বিএনপির কোনো নেতাকর্মীর সম্পৃক্ততা পাওয়া গেলে তার বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য বিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান।
মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টায় সচিবালয়ে সরকারের বিভিন্ন কার্যক্রমের অগ্রগতি ও সমসাময়িক বিষয় নিয়ে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।
এ সময় বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে পারমাণবিক শক্তির শান্তিপূর্ণ ব্যবহারে সহযোগিতা চুক্তি এগিয়ে নেওয়ার বিষয়েও কথা বলেন তথ্য উপদেষ্টা।
তিনি বলেন, জাতীয় স্বার্থকে গুরুত্ব দিয়ে ভারত, রাশিয়া ও যুক্তরাষ্ট্রের সঙ্গে বিভিন্ন বিষয়ে আলোচনা ও সমঝোতা করবে বাংলাদেশ। কোনো দেশের শর্ত বা চাপের কাছে বাংলাদেশ নতি স্বীকার করবে না। বোয়িং কিংবা এয়ারবাস কেনার ক্ষেত্রেও দেশের প্রয়োজনকেই অগ্রাধিকার দেওয়া হবে।
এলপিজি প্রসঙ্গে জাহেদ উর রহমান বলেন, আমদানিকারক ও অপারেটরদের তথ্য অনুযায়ী দেশে এলপি গ্যাসের কোনো সংকট নেই এবং পর্যাপ্ত মজুত রয়েছে।
তিনি জানান, গত আগস্টে দেশে ১ লাখ ৫৭ হাজার ৭৬০ মেট্রিক টন এলপিজি আমদানি করা হয়েছে। চলতি সেপ্টেম্বর মাসে এখন পর্যন্ত আমদানি হয়েছে ১ লাখ ১৮ হাজার মেট্রিক টন। সংশ্লিষ্ট বৈঠকে উপস্থাপিত তথ্য অনুযায়ী, দেশে এলপিজির সরবরাহ ও মজুত পরিস্থিতি ভালো রয়েছে।
তথ্য উপদেষ্টা আরও বলেন, সম্প্রতি এলপিজির আমদানি, মজুত, সরবরাহ ও বাজারদর নিয়ে অনুষ্ঠিত মতবিনিময় সভায় আমদানিকারক ও অপারেটররা বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের মন্ত্রীকে জানিয়েছেন, দেশের বাজারে এলপিজির ঘাটতি নেই।
মতামত