রাজনৈতিক দ্বন্দ্বের জেরে নারায়ণগঞ্জের রূপগঞ্জে স্থানীয় যুবদল নেতাকর্মীদের সঙ্গে নিষিদ্ধ ছাত্রলীগ নেতাকর্মীদের ধাওয়া পালটা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় ফাঁকা গুলি বর্ষন করে এলাকে আতংক সৃষ্টি করা হয়। এক পক্ষ আরেক পক্ষের ব্যবসা প্রতিষ্ঠান ও বসতবাড়িতে হামলা ভাংচুর করে । এ ঘটনায় ৩ জন আহত হয়েছে বলে খবর পাওয়া গেছে। গত সোমবার রাতে উপজেলার তারাব পৌরসভার বরপা এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার রাত ১০ টার দিকে উপজেলার তারাব পৌরসভা ৬ নম্বর ওয়ার্ড যুবদলের সাংগঠনিক সম্পাদক আরজু ভূইয়া'র সঙ্গে রাজনৈতিক বিষয় নিয়ে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ নেতা রাফিন ভূইয়ার বাকবিতন্ডা সৃষ্টি হয়। বাকবিতন্ডার এক পর্যায়ে যুব দলনেতা আরজু ভূইয়া ছাত্রলীগ নেতা রাফিন ভূইয়া'র মাথায় ইট দিয়ে আঘাত করে। পরে রাফিন ভূইয়া ক্ষিপ্ত হয়ে চলে যায়।
পরে মুড়াপাড়া এলাকা থেকে দুটি মোটরসাইকেল যোগে বরপা বাসস্ট্যান্ডে এসে ৪ রাউন্ড ফাঁকা গুলি ছুড়ে। এ সময় পুরো এলাকায় আতঙ্কে সৃষ্টি হয়। এক পর্যায়ে তাদের দুই পক্ষের লোকজনের মাঝে ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষ হয়। পরে ছাত্রলীগ নেতা রাফিন ভূঁইয়ার লোকজনের একটি মোটরসাইকেলে আগুন ধরিয়ে দেয় যুবদল নেতা আরজু ভূইয়া'র লোকজন । এ সময় তাৎক্ষণিক যুবদল নেতা কর্মীরা জড়ো হয়ে নানা ধরনের স্লোগান দেন। পরে ক্ষিপ্ত হয়ে বিক্ষুব্ধরা ছাত্রলীগ নেতা ও তার আত্মীয়স্বজনের ১৬ টি ব্যবসা প্রতিষ্ঠান ও বসতবাড়িতে হামলা ভাংচুর করে।
এতে বাঁধা দিতে এলে ইয়ার হোসেনসহ ৩ জনকে আহত করা হয়। এ ঘটনার পর থেকে এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। খবর পেয়ে নারায়ণগঞ্জ জেলা পুলিশের সিনিয়র সহকারি পুলিশ সুপার মেহেদী ইসলামের নেতৃত্বে রুপগঞ্জ থানার একদল পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। তবে এ ঘটনায় কাউকে আটক করতে পারেনি পুলিশ।
মতামত