নীলফামারীর ডোমার উপজেলার ভোগডাবুড়ী ইউনিয়নের বানিয়াপাড়া এলাকায় মাদকদ্রব্য সেবনের সময় দুই যুবককে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছে স্থানীয় এলাকাবাসী।
শনিবার (২৭ সেপ্টেম্বর) রাত আনুমানিক ৮টার দিকে বানিয়াপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, ওই এলাকায় দুই যুবককে মাদকদ্রব্য সেবন করতে দেখে তারা আটক করেন। পরে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ কল করে বিষয়টি পুলিশকে জানানো হয়। খবর পেয়ে চিলাহাটি পুলিশ তদন্ত কেন্দ্রের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে তাদের হেফাজতে নেন।
গ্রেফতাকৃত নুর আলম পূর্ব ভোগডাবুড়ী বানিয়াপাড়া এলাকার ময়নুল ইসলামের ছেলে এবং রাহিমিন ইসলাম পূর্ব ভোগডাবুড়ী প্রামানিক পাড়া এলাকার মৃত আজিজুল ইসলামের ছেলে।
এলাকাবাসী বলেন, চিলাহাটি বানিয়াপাড়া এলাকায় মাদক সেবন ও এর সঙ্গে জড়িতদের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করা প্রয়োজন। এতে এলাকার যুবসমাজকে মাদকের ক্ষতিকর প্রভাব থেকে দূরে রাখা সম্ভব হবে বলে তারা মনে করেন। পাশাপাশি মাদকবিরোধী কার্যক্রমে প্রশাসনকে সহযোগিতা করার কথাও জানান তারা।
চিলাহাটি পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ সাঈদ ইবনে সিদ্দিক বলেন, অভিযোগ পাওয়ার পর ঘটনাস্থলে গিয়ে দুইজনকে মাদকদ্রব্যসহ আটক করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে তাদের আদালতে প্রেরণ করা হয়েছে।
মতামত