সিলেটের জৈন্তাপুরে অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় দুটি হ্যান্ড গ্রেনেড,দুটি রাইফেলের ম্যাগাজিন ও থ্রি-নট-থ্রি রাইফেলের ১১১ রাউন্ড গুলি উদ্ধার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-৯।
রোববার (২৭ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে জৈন্তাপুর ইউনিয়নের বাউরভাগ মল্লিফৌদ গ্রামের সাফরি নদীর পাড়ে এ অভিযান পরিচালনা করা হয়।
এসআরবি-৯ সদর কোম্পানি,সিলেটের একটি আভিযানিক দল নদীর পাড়ে তল্লাশি চালিয়ে এসব অস্ত্র ও গোলাবারুদ পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করে। তবে উদ্ধারকৃত আলামতের সঙ্গে তাৎক্ষণিকভাবে কোনো ব্যক্তিকে পাওয়া যায়নি।
এসআরবি-৯-এর মিডিয়া অফিসার ও অতিরিক্ত পুলিশ সুপার কে এম শহিদুল ইসলাম সোহাগ স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়,উদ্ধার করা দুটি হ্যান্ড গ্রেনেড বিস্ফোরক দ্রব্য হওয়ায় বিধি অনুযায়ী এসআরবি-৯ সিলেটের বোম্ব ডিসপোজাল ইউনিট ঘটনাস্থলেই সেগুলো ধ্বংস করে। অন্যান্য উদ্ধার করা আলামত পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য জিডিমূলে জৈন্তাপুর থানায় হস্তান্তর করা হয়েছে।
লুট হওয়া অস্ত্র ও গোলাবারুদ উদ্ধারের পাশাপাশি আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এসআরবি-৯-এর গোয়েন্দা তৎপরতা ও অভিযান অব্যাহত রয়েছে।
মতামত