অনলাইন ফ্যাশন পেজ ‘অ্যাপোনিয়া’-এর দায়ের করা প্রতারণা ও বিশ্বাসভঙ্গের মামলায় জনপ্রিয় অভিনেত্রী তানজিন তিশার জামিনের মেয়াদ আগামী ধার্য তারিখ পর্যন্ত বৃদ্ধি করেছেন আদালত।
আজ মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর ২০২৬) ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতের ২৩ নম্বর কোর্টের ম্যাজিস্ট্রেট কামালউদ্দিনের আদালত এ আদেশ দেন।
মামলার নথি সূত্রে জানা যায়, ফ্যাশন হাউস 'অ্যাপোনিয়া' থেকে ২৮ হাজার ৮০০ টাকা মূল্যের একটি শাড়ি নিয়ে প্রচারণা (প্রমোশন) না করা, মূল্য পরিশোধ না করা এবং পরবর্তীতে যোগাযোগ বিচ্ছিন্ন করার অভিযোগে তিশার বিরুদ্ধে আইনগত পদক্ষেপ নেওয়া হয়।
এক লাখ টাকা ক্ষতিপূরণ দাবি করে আইনজীবীর মাধ্যমে নোটিশ পাঠানোর পর কোনো সাড়া না পাওয়ায় গত ৫ নভেম্বর ২০২৫ তারিখে অ্যাপোনিয়ার এক্সিকিউটিভ মো. আমিনুল ইসলাম বাদী হয়ে দণ্ডবিধির ৪২০ ও ৪০৬ ধারায় মামলাটি (সিআর মামলা নম্বর ৯৬২/২০২৫) দায়ের করেন।
আদালত মামলাটি আমলে নিয়ে গোয়েন্দা পুলিশকে (ডিবি) তদন্তের নির্দেশ দেন। তদন্ত শেষে তিশার বিরুদ্ধে আনা প্রতারণা ও সামাজিক যোগাযোগমাধ্যমের কথোপকথনের সত্যতা ডিবি প্রতিবেদনে প্রাথমিকভাবে প্রমাণিত হয়।
এর আগে গত ১৩ আগস্ট তিশা ১০ নম্বর কোর্টের ম্যাজিস্ট্রেট মো. জুয়েল রানার আদালতে স্বশরীরে হাজির হয়ে শর্তসাপেক্ষে অন্তর্বর্তীকালীন জামিন পান। আজ ২৯ সেপ্টেম্বর শুনানির পর তাঁর জামিনের সময়সীমা পরবর্তী ধার্য তারিখ পর্যন্ত বর্ধিত করা হলো।
বাদীপক্ষের আইনজীবী সুপ্রিম কোর্টের এডভোকেট সলিমুল্লাহ সরকার বলেন, "তানজিন তিশা দেশের একজন খ্যাতনামা সেলিব্রিটি, যাঁকে অসংখ্য মানুষ অনুসরণ করেন। তাঁর কাছ থেকে একজন নারী উদ্যোক্তার এ ধরনের প্রতারণার শিকার হওয়া অত্যন্ত দুঃখজনক। আইনি প্রক্রিয়ার মাধ্যমে আমরা ন্যায়বিচার প্রত্যাশা করছি।"
অন্যদিকে, ঘটনার শুরুতে অভিনেত্রী তানজিন তিশা সোশ্যাল মিডিয়ায় দাবি করেছিলেন যে শাড়িটি উদ্যোক্তা তাঁকে 'উপহার' হিসেবে দিয়েছিলেন। তবে উভয় পক্ষের মধ্যে হওয়া ডিজিটাল যোগাযোগের পর্যালোচনায় প্রতারণার প্রাথমিক প্রমাণ পাওয়ায় বিষয়টি এখন বিচারাধীন।
মতামত