বাস্তব জীবনে গাঁটছড়া বাঁধার পর প্রথমবারের মতো বড় পর্দায় মুখোমুখি হচ্ছেন দক্ষিণ ভারতীয় সিনেমার জনপ্রিয় জুটি রাশমিকা মান্দানা ও বিজয় দেবেরাকোন্ডা। তাঁদের আসন্ন সিনেমা 'রানাবালি' মুক্তির আগে সোশালে দুই তারকার মিষ্টি রসায়ন ও রোমান্টিক বার্তা ভক্তদের মাঝে বাড়তি উন্মাদনা তৈরি করেছে।
সম্প্রতি সিনেমাটির ‘এন্ধাইয়া সামি’ গানের একটি ভিডিও ক্লিপ ইনস্টাগ্রাম স্টোরিতে শেয়ার করে রাশমিকা লেখেন, “এটা ভাবতেই অবাক লাগে যে সে পুরোপুরি আমার। তবুও তার প্রতি ক্রাশ খাওয়া আমি থামাতে পারি না।” জবাবে স্ত্রী রাশমিকাকে উদ্দেশ করে বিজয় লেখেন, “আমি আশীর্বাদপুষ্ট। আমি জয়াম্মাকে মিস করব, তবে তোমাকে তো সারা জীবনের জন্য পেয়েছি।”
রাহুল সাংকৃত্যায়ন পরিচালিত ও ‘মিথ্রি মুভি মেকার্স’ প্রযোজিত এই পিরিয়ড ড্রামা সিনেমার পটভূমি গড়ে উঠেছে ভারতের ইতিহাসের অন্যতম করুণ অধ্যায়—১৮৭৬-৭৮ সালের ভয়াবহ মাদ্রাজ দুর্ভিক্ষকে কেন্দ্র করে।
আইএমডিবির (IMDb) তথ্যমতে, দক্ষিণ ভারতের ঐতিহাসিক প্রেক্ষাপটে তৈরি এই গল্পে বিজয় অভিনয় করেছেন নাম-ভূমিকায় এক বীর যোদ্ধা 'রানাবালি' চরিত্রে। তাঁর স্ত্রী ও প্রতিটি সংগ্রামের ছায়াসঙ্গী 'জয়াম্মা' চরিত্রে দেখা যাবে রাশমিকাকে।
সিনেমাটিতে মূল প্রতিপক্ষ তথা নিষ্ঠুর ব্রিটিশ ঔপনিবেশিক কর্মকর্তা স্যার থিওডোর হেক্টরের চরিত্রে অভিনয় করেছেন বিখ্যাত হলিউড অভিনেতা আর্নল্ড ভসলো।
আমূল ঐতিহাসিক পটভূমি ও দুই তারকা দম্পতির পর্দার পেছনের কেমিস্ট্রি সিনেমাটিকে নিয়ে দর্শকমনে বিশাল প্রত্যাশা তৈরি করেছে। প্রযোজনা সংস্থা সূত্রে জানা গেছে, আগামী ১৬ অক্টোবর ২০২৬ সারা বিশ্বের প্রেক্ষাগৃহে আনুষ্ঠানিকভাবে মুক্তি পাবে ‘রানাবালি’।
মতামত