রাজধানীর ইসিবি চত্বরে কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের নতুন সৃজনশীল স্টুডিওতে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে। চাঁদা না দেওয়াকে কেন্দ্র করে শনিবার (২৬ সেপ্টেম্বর) রাত সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে বলে অভিযোগ করেছেন সালমান।
তার দাবি, চাঁদা দিতে অস্বীকৃতি জানানোয় স্থানীয় বিএনপির নেতাকর্মীরা প্রতিশোধ হিসেবে স্টুডিওতে হামলা চালান। হামলাকারীরা স্টুডিওর বিভিন্ন ইলেকট্রনিক ডিভাইস, শুটিংয়ের সরঞ্জামসহ কর্মীদের মোবাইল ফোন ও মানিব্যাগ নিয়ে যায় বলে অভিযোগ করা হয়েছে।
ঘটনার সময় সালমান ঢাকার বাইরে ছিলেন। হামলার খবর পেয়ে দ্রুত ঢাকায় ফিরে ক্ষতিগ্রস্ত স্টুডিওতে যান তিনি। পরে সেখান থেকে ফেসবুক লাইভে এসে স্টুডিওর ভাঙচুরের চিত্র তুলে ধরেন এবং প্রশাসন ও বিএনপির নেতাকর্মীদের নিয়ে ক্ষোভ প্রকাশ করেন।
স্টুডিওর এক কর্মকর্তা জানান, রাত সাড়ে ১০টার দিকে প্রায় ১০০ থেকে ১৫০ জন লোক সেখানে ঢুকে ভাঙচুর শুরু করে। তাদের কয়েকজনের কাছে ধারালো অস্ত্র ও আগ্নেয়াস্ত্র ছিল বলেও দাবি করেন তিনি। হামলার সময় নিরাপত্তার জন্য কর্মীরা শৌচাগারে আশ্রয় নিলে সেখানেও হামলাকারীরা প্রবেশ করে অস্ত্রের ভয় দেখিয়ে তাদের কাছ থেকে মোবাইল ফোন ও মানিব্যাগ নিয়ে যায়। তবে এ ঘটনায় কোনো কর্মী গুরুতর আহত হননি।
ফেসবুক লাইভে সালমান মুক্তাদির জানান, হামলায় পুরো স্টুডিও ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। তিনি স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের উদ্দেশে ব্যঙ্গাত্মক মন্তব্য করেন এবং ঘটনাটিকে দেশের বর্তমান পরিস্থিতির সঙ্গে তুলনা করেন।
তরুণদের উদ্দেশে তিনি বলেন, দেশে নিজের উদ্যোগে কিছু করতে গেলে এবং কোনো রাজনৈতিক দলের সঙ্গে না থাকলে বিভিন্ন ধরনের সমস্যার মুখে পড়তে হতে পারে। নিজের স্টুডিওতে হামলার ঘটনাকে উদাহরণ হিসেবে তুলে ধরে তিনি এ বিষয়ে ক্ষোভ প্রকাশ করেন।
হামলার জন্য বিএনপির স্থানীয় নেতাকর্মীদের দায়ী করে সালমান বলেন, চাঁদাবাজির মাধ্যমে তার স্বপ্ন বা কাজ থামিয়ে দেওয়া যাবে না। এ সময় তিনি ক্ষতিগ্রস্ত তরুণ সহকর্মীদের সান্ত্বনা দেন এবং দ্রুত আবার কাজ শুরুর কথা জানান।
স্টুডিওটি তৈরিতে তার স্ত্রী ও সহকর্মীদের দীর্ঘদিনের শ্রমের কথাও তুলে ধরেন তিনি। একইসঙ্গে জানান, সেখানে প্রায় ৩০ থেকে ৪০ জন ক্লায়েন্টের শুটিংয়ের গুরুত্বপূর্ণ ফুটেজ ও কাজের তথ্য সংরক্ষিত ছিল। সরঞ্জাম ও অন্যান্য জিনিসপত্র নষ্ট বা নিয়ে যাওয়ায় মোট ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে নির্ধারণ করা সম্ভব হয়নি।
সালমান জানান, ঘটনার বিষয়ে আনুষ্ঠানিকভাবে মামলা করা হবে। লাইভের শেষ দিকে তিনি আবারও প্রশাসনের সমালোচনা করেন এবং স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের উদ্দেশে ব্যঙ্গাত্মক মন্তব্য করেন।
মতামত