বিদেশি এজেন্ডা বাস্তবায়নের উদ্দেশ্যে দেশে অস্থিতিশীল পরিস্থিতি তৈরির চেষ্টা হিসেবে ১১ দলের বিভিন্ন কর্মসূচিকে উল্লেখ করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) সকালে রংপুরের পীরগঞ্জের বাবনপুর গ্রামে শহিদ আবু সাঈদের কবর জিয়ারত শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, একটি রাজনৈতিক দল বেহেশতের কথা বলে ভোট নিলেও মসজিদ, মাদরাসা, ইমাম, মুয়াজ্জিন ও ধর্মীয় শিক্ষকদের নিয়ে ভাবেনি। তার ভাষ্য, এসব বিষয় নিয়ে তারেক রহমান চিন্তা করেছেন।
সরকারের বিভিন্ন কর্মসূচির কথা তুলে ধরে শাহে আলম বলেন, সরকারের নেওয়া কর্মসূচিগুলোতে সমর্থন না দিয়ে দেশের পরিস্থিতি অস্বাভাবিক করার চেষ্টা করা হচ্ছে। তবে এসব তৎপরতা সফল হবে না এবং সরকার তার নিজস্ব গতিতে কার্যক্রম চালিয়ে যাবে বলেও মন্তব্য করেন তিনি।
এ সময় শহিদ আবু সাঈদের বাড়ি ও কবরের সৌন্দর্যবর্ধনের জন্য এক কোটি টাকা বরাদ্দ দেওয়ার ঘোষণা দেন প্রতিমন্ত্রী।
কবর জিয়ারতের সময় জেলা পরিষদ প্রশাসক ও রংপুর জেলা বিএনপির আহ্বায়ক সাইফুল ইসলাম, রংপুর সিটি করপোরেশনের প্রশাসক মাহফুজ উন নবী ডনসহ প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
মতামত