বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী জানিয়েছেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফরের তারিখ এখনো চূড়ান্ত হয়নি। তবে দুই দেশের প্রধানমন্ত্রীর মধ্যে বৈঠক হবে বলে তিনি নিশ্চিত করেছেন।
বুধবার (৩০ সেপ্টেম্বর) সকালে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আহমদ আজম খানের সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
তারেক রহমানের ভারত সফরের সময়সূচি সম্পর্কে জানতে চাইলে দীনেশ ত্রিবেদী বলেন, সফরের মাস বা তারিখ নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি। তবে প্রধানমন্ত্রী ভারত সফর করবেন—এ বিষয়ে তিনি ‘১২০ শতাংশ’ নিশ্চিত বলে মন্তব্য করেন। সফরের আগে যথাযথ প্রস্তুতি সম্পন্ন করার ওপরও গুরুত্ব দেন তিনি।
ভারতীয় হাইকমিশনার বলেন, দুই দেশের প্রধানমন্ত্রী সুবিধাজনক সময়ে বৈঠক করবেন। ভারত দ্রুত সময়ের মধ্যে বাংলাদেশ ও ভারতের প্রধানমন্ত্রীর সাক্ষাৎ চায় বলেও জানান তিনি।
দুই দেশের সম্পর্কের বিভিন্ন চ্যালেঞ্জ প্রসঙ্গে দীনেশ ত্রিবেদী বলেন, পারস্পরিক সম্পর্কে চ্যালেঞ্জ থাকা স্বাভাবিক। পানি, ক্রিকেট, ফুটবল, বাণিজ্য, কবিতা, থিয়েটার, চলচ্চিত্র ও সংগীতসহ বিভিন্ন ক্ষেত্রে দুই দেশের মানুষের যোগাযোগ রয়েছে। তাই বাংলাদেশ ও ভারতের মধ্যে পারস্পরিক নির্ভরশীলতা আরও বাড়ানো প্রয়োজন বলে মন্তব্য করেন তিনি।
তারেক রহমানের ভারত সফরের মাধ্যমে দুই দেশের সম্পর্কের বিভিন্ন বিষয় নিয়ে অগ্রগতি হতে পারে বলেও আশা প্রকাশ করেন ভারতীয় হাইকমিশনার।
এদিকে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আহমদ আজম খান জানিয়েছেন, দীনেশ ত্রিবেদীর সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফর বা কোনো রাজনৈতিক বিষয় নিয়ে আলোচনা হয়নি।
মতামত