কিউআর কোডের মাধ্যমে লেনদেনে কোনো ধরনের ফি বা অতিরিক্ত চার্জ দিতে হবে না বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। ক্যাশলেস বাংলাদেশ গড়ে তুলতে ‘বাংলা কিউআর’ভিত্তিক লেনদেন আরও বিস্তৃত করার উদ্যোগ নেওয়া হয়েছে বলেও জানান তিনি।
বৃহস্পতিবার (১ অক্টোবর) রাজধানীর বনানী কাঁচাবাজারে বাংলা কিউআর কোড ব্যবহার করে পণ্য কেনাকাটার কার্যক্রম উদ্বোধন ও লেনদেন পরিদর্শনকালে এসব কথা বলেন অর্থমন্ত্রী।
তিনি জানান, সরকারি উদ্যোগের আওতায় কিউআর কোড দিয়ে যেকোনো লেনদেন বিনামূল্যে করা যাবে। এর জন্য গ্রাহক বা ব্যবসায়ীকে বাড়তি কোনো ফি দিতে হবে না।
অর্থমন্ত্রী বলেন, ফুচকা বিক্রেতা, রিকশাচালক, ক্ষুদ্র ব্যবসায়ী থেকে শুরু করে সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষকে কিউআর কোডভিত্তিক ডিজিটাল আর্থিক ব্যবস্থার আওতায় আনা হবে। এর ফলে ছোট ব্যবসায়ীরাও ব্যাংক বা সংশ্লিষ্ট সেবা প্রদানকারীর হিসাবে সহজে কিউআর কোডের মাধ্যমে অর্থ গ্রহণ করতে পারবেন।
তার মতে, এ ব্যবস্থার ফলে নগদ টাকা বহনের প্রয়োজন কমবে এবং দ্রুত ও সহজে লেনদেন করা সম্ভব হবে।
অর্থমন্ত্রী আরও বলেন, শুরুতে কিউআরভিত্তিক লেনদেনে কিছু কারিগরি জটিলতা বা সাময়িক সমস্যা দেখা দিতে পারে। তবে এসব সমস্যা দ্রুত সমাধান করা সম্ভব। বিশ্বের অনেক উন্নত ও দ্রুত বিকাশমান অর্থনীতিতে ক্যাশলেস লেনদেন ইতোমধ্যে জনপ্রিয় হয়েছে। বাংলাদেশেও এ ধরনের ব্যবস্থা সর্বস্তরে ছড়িয়ে দিতে বাংলাদেশ ব্যাংক কাজ করছে।
দেশের নাগরিক, ব্যবসায়ী ও সেবাদানকারীদের ক্যাশলেস ও নিরাপদ লেনদেন ব্যবস্থায় অংশ নেওয়ার আহ্বান জানান অর্থমন্ত্রী।
মতামত