অসদাচরণ ও ‘পলায়ন’-এর অভিযোগে পুলিশের ঊর্ধ্বতন দুই কর্মকর্তাকে চাকরি থেকে বরখাস্ত করেছে সরকার। তাদের মধ্যে একজন ২০২৪ সালের আগস্ট থেকে এবং অন্যজন ২০২৫ সালের ফেব্রুয়ারি থেকে অনুমতি ছাড়া কর্মস্থলে অনুপস্থিত ছিলেন।
বরখাস্ত হওয়া দুই কর্মকর্তা হলেন—ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) সাবেক যুগ্ম পুলিশ কমিশনার (ট্রাফিক-দক্ষিণ) এস এম মেহেদী হাসান এবং গাজীপুরের ইন্ডাস্ট্রিয়াল পুলিশ-২-এর সাবেক অতিরিক্ত পুলিশ সুপার মো. রহমত উল্লাহ চৌধুরী।
মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের শৃঙ্খলা-১ শাখা থেকে পৃথক প্রজ্ঞাপনের মাধ্যমে তাদের বরখাস্তের আদেশ দেওয়া হয়। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মনজুর মোর্শেদ চৌধুরীর সই করা প্রজ্ঞাপনে বলা হয়, আদেশ অবিলম্বে কার্যকর হবে।
প্রজ্ঞাপন অনুযায়ী, এস এম মেহেদী হাসান ২০২৪ সালের ৬ আগস্ট থেকে কর্তৃপক্ষের অনুমতি ছাড়াই কর্মস্থলে অনুপস্থিত ছিলেন। তাকে কর্মস্থলে যোগদানের জন্য একাধিকবার নোটিশ দেওয়া হলেও তিনি সাড়া দেননি। বিভাগীয় তদন্তে তার বিরুদ্ধে ‘পলায়ন’-এর অভিযোগ প্রমাণিত হয়। পরে সরকারি কর্মকমিশনের পরামর্শের ভিত্তিতে তাকে চাকরি থেকে বরখাস্ত করা হয়।
অন্যদিকে, মো. রহমত উল্লাহ চৌধুরী অসুস্থতার কারণে চিকিৎসকের পরামর্শে দুই মাসের বিশ্রামে ছিলেন। ২০২৫ সালের ১১ এপ্রিল তার কর্মস্থলে যোগ দেওয়ার কথা থাকলেও তিনি আর যোগ দেননি। ১০ ফেব্রুয়ারি ২০২৫ থেকে অনুমতি ছাড়া কর্মস্থলে অনুপস্থিত থাকার অভিযোগে তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হয়।
তদন্তে তার বিরুদ্ধে অসদাচরণ ও ‘পলায়ন’-এর অভিযোগ প্রমাণিত হয়। দ্বিতীয় দফায় কারণ দর্শানোর নোটিশ দেওয়া হলেও তিনি কোনো জবাব দেননি। পরে সরকারি কর্মকমিশনের পরামর্শ নিয়ে তাকেও চাকরি থেকে বরখাস্তের সিদ্ধান্ত কার্যকর করা হয়।
মতামত