মিয়ানমার ও উত্তর-পূর্ব বঙ্গোপসাগরসংলগ্ন এলাকায় অবস্থানরত স্থল নিম্নচাপের প্রভাবে চট্টগ্রাম বিভাগের পাঁচ জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে। একই সঙ্গে পাহাড়ি এলাকায় ভূমিধসের ঝুঁকির কথাও জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।
মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ৪৮ ঘণ্টার জন্য দেওয়া সতর্কবার্তায় এ তথ্য জানানো হয়েছে।
আবহাওয়া অধিদপ্তর জানায়, কক্সবাজার, বান্দরবান, রাঙামাটি, খাগড়াছড়ি ও চট্টগ্রাম জেলায় এ সময় ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। কোথাও কোথাও ৪৪ থেকে ৮৮ মিলিমিটার পর্যন্ত ভারী এবং ৮৮ মিলিমিটারের বেশি অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনাও রয়েছে।
সতর্কবার্তায় আরও বলা হয়, অতিবৃষ্টির কারণে পাঁচ জেলার পাহাড়ি এলাকার বিভিন্ন স্থানে সাময়িক জলাবদ্ধতা তৈরি হতে পারে। একই সঙ্গে পাহাড়ধসের ঝুঁকিও বাড়তে পারে।
এ পরিস্থিতিতে পাহাড়ি এলাকায় বসবাসকারী বাসিন্দাদের সতর্ক থাকার পরামর্শ দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
মতামত