দেশের বিভিন্ন জায়গায় জমি, বাড়ি ও দোকান দখলের অভিযোগ পাওয়া যাচ্ছে বলে মন্তব্য করেছেন চিকিৎসক তাসনিম জারা। এসব ঘটনায় স্থানীয় বিএনপি নেতাদের বিরুদ্ধে অনেক অভিযোগ রয়েছে বলেও জানান তিনি।
রোববার (২৭ সেপ্টেম্বর) রাজধানীর মিরপুর-১ নম্বরে হামলা ও ভাঙচুরের শিকার বেসরকারি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টার পরিদর্শনে গিয়ে তিনি এসব কথা বলেন।
তাসনিম জারা বলেন, বিএনপি ইতোমধ্যে তাদের দলের একজন নেতাকে বহিষ্কার করেছে, সম্ভবত জয়পুরহাটে। তিনি এটিকে ইতিবাচক উদ্যোগ হিসেবে উল্লেখ করেন।
তবে শুধু বহিষ্কারের মধ্যেই ব্যবস্থা সীমাবদ্ধ থাকবে কি না, সেই প্রশ্নও তোলেন তিনি। তার মতে, কেন এ ধরনের ঘটনা ঘটছে এবং ক্ষমতায় আসার পর স্থানীয় পর্যায়ের নেতারা কেন দখলের মতো কর্মকাণ্ডের সুযোগ পাচ্ছেন, সেটিও খতিয়ে দেখা প্রয়োজন।
রাড্ডা স্বাস্থ্যকেন্দ্রে হামলা ও ভাঙচুরের ঘটনায় পুলিশের ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন তাসনিম জারা। তিনি বলেন, একটি স্বাস্থ্যসেবা কেন্দ্রে এভাবে হামলা ও ভাঙচুরের সময় পুলিশ কী দায়িত্ব পালন করেছে, তা নিয়ে প্রশ্ন রয়েছে। এমন পরিস্থিতি চলতে থাকলে সাধারণ মানুষ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ওপর কীভাবে আস্থা রাখবে, সেটিও ভাবার বিষয়।
মতামত