রাজধানীর ইসিবি চত্বরে কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনায় ক্ষোভ জানিয়েছেন জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।
রোববার (২৭ সেপ্টেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এ প্রতিক্রিয়া জানান। পোস্টের সঙ্গে একটি ভিডিওও প্রকাশ করেন তিনি। ভিডিওটিতে সালমান মুক্তাদিরকে তার স্টুডিওতে হামলা ও লুটপাটের ঘটনা তুলে ধরতে দেখা যায়।
ভিডিওটির ক্যাপশনে ডা. শফিকুর রহমান লেখেন, গভীর রাতে সালমান মুক্তাদিরের বাসা ও স্টুডিওতে চাঁদাবাজদের হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে।
চাঁদাবাজদের উদ্দেশে তিনি লেখেন, মধু সংগ্রহকারীরা কখনো কখনো মৌচাক ভেবে ভিমরুলের চাকেও আঘাত করে বসে। পরে সেই আঘাতই বুমেরাং হয়ে তাদের দিকে ফিরে আসে।
জামায়াত আমির আরও বলেন, যারা ক্ষমতার প্রভাবশালী অবস্থানে রয়েছেন, তারা নিজেদের চাঁদাবাজদের নিয়ন্ত্রণ করতে পারছেন না। এ ধরনের ঘটনা একের পর এক ঘটছে। তবে একদিন এসবের অবসান হবে বলেও মন্তব্য করেন তিনি।
মতামত