রাজধানীর গুলিস্তানের জিপিও মোড়ে অবস্থিত জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের শতাধিক নেতাকর্মীকে আটক করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।
শনিবার (২৬ সেপ্টেম্বর ২০২৬) দুপুর আড়াইটার দিকে জাসদ কার্যালয় এলাকা ও এর আশপাশ থেকে তাঁদের আটক করা হয়।
ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি মিডিয়া) ও মুখপাত্র মো. আকতার হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
তিনি জানান, কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত সংগঠনের ব্যানারে সমবেত হওয়া ও বিশৃঙ্খলা সৃষ্টির সন্দেহে গুলিস্তান এলাকা থেকে অর্ধশতাধিক ব্যক্তিকে আটক করে হেফাজতে নেওয়া হয়েছে। বর্তমানে তাঁদের প্রাথমিক পরিচয় ও রাজনৈতিক সংশ্লিষ্টতা যাচাই-বাছাইয়ের কাজ চলছে।
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সূত্রে জানা গেছে, যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা, বিশৃঙ্খলা বা রাষ্ট্রবিরোধী তৎপরতা প্রতিরোধে জাসদ কার্যালয় ও জিপিও মোড় এলাকায় বাড়তি পুলিশ মোতায়েন করা হয়েছিল।
আটক ব্যক্তিদের মধ্যে কারও বিরুদ্ধে পূর্বের মামলা বা নাশকতামূলক তৎপরতার অভিযোগ রয়েছে কি না, তা যাচাই করার পর আইনগত পদক্ষেপ গ্রহণের প্রস্তুতি চলছে বলে জানিয়েছে ডিএমপি।
মতামত