কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের ‘বিএনপি চাঁদাবাজ দল’ মন্তব্যকে ঢালাও অভিযোগ বলে উল্লেখ করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, সালমান যদি নির্দিষ্ট অভিযোগে মামলা করেন, তাহলে সেটি তদন্ত করে দেখা হবে।
রোববার (২৭ সেপ্টেম্বর) সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। একই ঘটনায় এখন পর্যন্ত তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) যুগ্ম কমিশনার মহিদুল ইসলাম।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, গণতন্ত্র ও বাকস্বাধীনতার কারণে সালমান তাকে উদ্দেশ্য করে বক্তব্য দিতেই পারেন। তবে ফেসবুক লাইভে অভিযোগ করলেও তিনি এখনো কোনো মামলা করেননি।
সালমানের অভিযোগের বিষয়ে তিনি বলেন, ‘বিএনপি চাঁদাবাজ দল’—এ ধরনের মন্তব্য ঢালাও অভিযোগ। সুনির্দিষ্টভাবে কোনো অভিযোগে মামলা করা হলে তা তদন্ত করে দেখা হবে।
নাসীরুদ্দীন পাটওয়ারীর বক্তব্য প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, অসংলগ্ন ও ভারসাম্যহীন কথা বলা তার অভ্যাস হয়ে থাকতে পারে। এ বিষয়ে নিজের পক্ষ থেকে মন্তব্য করা সমীচীন মনে করেন না বলেও জানান তিনি। বিষয়টি সাংবাদিকদের বিশ্লেষণ করার আহ্বান জানান স্বরাষ্ট্রমন্ত্রী।
তিনি আরও বলেন, নয় দফা দাবি মেনে নিলে আর কোনো ‘ঠুসঠাস’ হবে না—এমন বক্তব্যের মধ্য দিয়ে সংশ্লিষ্টরা নিজেরাই বিভিন্ন ঘটনার সঙ্গে কারা জড়িত, তা প্রমাণ করছেন বলে তিনি মনে করেন।
থানায় থানায় ওসি বদলির প্রসঙ্গে সালাহউদ্দিন আহমদ বলেন, প্রশাসনিক কারণ, দায়িত্বে অবহেলা কিংবা কোনো ঘটনার সঙ্গে সংশ্লিষ্টতা পাওয়া গেলে বদলি করা হতে পারে। তবে বদলিই শেষ ব্যবস্থা নয়। এর পর সংশ্লিষ্টদের বিরুদ্ধে বিভাগীয় কার্যক্রমও নেওয়া হয়।
ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসির প্রসঙ্গে তিনি বলেন, একটি ভাইরাল ঘটনার পর তার বিরুদ্ধে তদন্ত ও ফরেনসিক পরীক্ষা করা হয়েছে। এ ঘটনায় মামলা হয়েছে এবং বিভাগীয় কার্যক্রমও চলছে। ফৌজদারি অপরাধের অভিযোগে তাকে গ্রেপ্তার করা হয়েছে বলেও জানান স্বরাষ্ট্রমন্ত্রী।
মতামত