কনটেন্ট ক্রিয়েটর ও ইনফ্লুয়েন্সার সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুরের ঘটনায় তাকে প্রাথমিকভাবে ভুক্তভোগী হিসেবে দেখছে পুলিশ। তবে পুরো ঘটনা পরিষ্কার করতে আরও তদন্ত প্রয়োজন বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ।
রোববার (২৭ সেপ্টেম্বর) দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
স্বরাষ্ট্রমন্ত্রী জানান, শনিবার সালমান মুক্তাদিরের স্টুডিওতে ভাঙচুরের ঘটনা ঘটে। পরে ফেসবুক লাইভে এসে এ নিয়ে বিভিন্ন বক্তব্য দেন সালমান। সেখানে তিনি দাবি করেন, চাঁদা না দেওয়ার কারণেই তার স্টুডিওতে হামলা ও ভাঙচুর করা হয়েছে। একই সঙ্গে বিএনপিকে চাঁদাবাজ দল বলেও মন্তব্য করেন তিনি।
সালাহউদ্দিন আহমেদ বলেন, পুলিশ জানিয়েছে, সালমান অভিযোগ করলেও এখন পর্যন্ত কোনো মামলা করেননি। এমনকি সালমান নিজেই বলেছেন, কেউ তার কাছে চাঁদা দাবি করেনি। ফলে নির্দিষ্টভাবে কার বিরুদ্ধে চাঁদা চাওয়ার অভিযোগ রয়েছে, সেটিও এখনো স্পষ্ট নয়।
বিএনপিকে চাঁদাবাজ দল হিসেবে সালমানের দেওয়া বক্তব্যেরও সুনির্দিষ্ট ভিত্তি পাওয়া যায়নি বলে পুলিশের বক্তব্য তুলে ধরেন স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, সালমান যদি নির্দিষ্ট কোনো ব্যক্তি বা ঘটনার বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগে মামলা করেন, তাহলে পুলিশ তা তদন্ত করে দেখবে।
ঘটনাস্থল মানিকদী নামাপাড়া ক্যান্টনমেন্ট থানার আওতাধীন উল্লেখ করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সেখানে প্রায় ৩৫ শতাংশ জমি নিয়ে একটি বিল্ডার প্রতিষ্ঠান ও এক অবসরপ্রাপ্ত সিনিয়র সামরিক কর্মকর্তার পক্ষের মধ্যে বিরোধ রয়েছে।
প্রাথমিক তদন্তের তথ্য অনুযায়ী, ওই অবসরপ্রাপ্ত সামরিক কর্মকর্তার পক্ষে কয়েকজন ব্যক্তি রাতে জমিটি দখলের চেষ্টা করেন। এ সময় সেখানে ভাঙচুরের ঘটনা ঘটে। ওই স্থাপনার ভেতরে সালমান মুক্তাদিরের একটি টিনশেড স্থাপনাও ছিল, যেখানে কনটেন্ট তৈরির কাজ করা হতো। সেটিও ভাঙচুরের শিকার হয়েছে বলে জানান তিনি।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, এ ঘটনায় প্রাথমিক তদন্ত হলেও পুরো বিষয়টি জানতে আরও তদন্ত প্রয়োজন। সালমানের পক্ষ থেকেও এখন পর্যন্ত কোনো মামলা করা হয়নি। তার ফেসবুক লাইভের বক্তব্যের কারণে বিষয়টি নিয়ে নানা আলোচনা তৈরি হয়েছে।
তিনি জানান, ৯৯৯-এ ফোন পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। সেখান থেকে তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। ঘটনাস্থল থেকে গুলির খোসা, দেশীয় অস্ত্রসহ বিভিন্ন আলামতও উদ্ধার করা হয়েছে।
পুলিশের তথ্য অনুযায়ী, জমি নিয়ে বিরোধ ও দখল-বেদখলের ঘটনাকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে। তদন্ত ও আইনগত প্রক্রিয়া এগোলে পুরো ঘটনার বিস্তারিত জানা যাবে বলে জানান স্বরাষ্ট্রমন্ত্রী।
মতামত