ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু নিরাপত্তা নিয়ে সতর্কবার্তা পাওয়ার পর নিউইয়র্ক সফরের সময় কমিয়ে কয়েক ঘণ্টায় নামিয়ে এনেছেন। ইসরায়েলি সংবাদমাধ্যমের বরাতে বুধবার (২৩ সেপ্টেম্বর) এ তথ্য জানিয়েছে তুর্কি বার্তা সংস্থা আনাদোলু। জাতিসংঘে ভাষণ ও জরুরি কিছু কার্যক্রম শেষে সেদিনই নিউইয়র্ক ত্যাগ করার কথা রয়েছে তার।
ইসরায়েলের চ্যানেল ১৩ জানিয়েছে, নেতানিয়াহুকে যুক্তরাষ্ট্রে অবস্থান দীর্ঘায়িত না করার পরামর্শ দিয়েছেন নিরাপত্তা কর্মকর্তারা। আলোচনার সময় উপস্থাপিত ‘গোয়েন্দা তথ্যে’ কিছু নির্দিষ্ট সতর্কবার্তা ছিল, যার ভিত্তিতে সফর সংক্ষিপ্ত করার সুপারিশ করা হয়। তবে এসব সতর্কবার্তার ধরন সম্পর্কে বিস্তারিত কিছু জানানো হয়নি।
এর আগে বুধবার স্থানীয় সময় গভীর রাতে ইসরায়েল ত্যাগ করে বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) সকালে যুক্তরাষ্ট্রে পৌঁছান নেতানিয়াহু। সেখানে জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে ভাষণ দিয়ে রাতযাপন না করে আজই ইসরায়েলে ফিরে যাবেন তিনি।
গাজা উপত্যকায় ইসরায়েলের গণহত্যা এবং অধিকৃত পশ্চিম তীরে মানবাধিকার লঙ্ঘনের প্রতিবাদে নিউইয়র্কে তীব্র বিক্ষোভের পূর্বাভাসের মধ্যেই এ সফরে যাচ্ছেন নেতানিয়াহু। এ ছাড়া নিউইয়র্ক সিটির মেয়র জোহরান মামদানি স্পষ্টভাবে নেতানিয়াহুকে একজন ‘যুদ্ধাপরাধী’ এবং ‘ফিলিস্তিনিদের ওপর ভয়াবহ গণহত্যার মূল পরিকল্পনাকারী’ হিসেবে অভিহিত করার একদিন পরই যুক্তরাষ্ট্র সফর করছেন তিনি।
মামদানি এর আগে মার্কিন ফেডারেল কর্তৃপক্ষকে নেতানিয়াহুর বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি) গ্রেপ্তারি পরোয়ানা কার্যকর করার আহ্বান জানান। তবে তিনি স্বীকার করেন, নিউইয়র্ক সিটি কর্তৃপক্ষের এটি কার্যকর করার আইনি এখতিয়ার নেই।
গাজায় যুদ্ধাপরাধ ও মানবতাবিরোধী অপরাধের দায়ে ২০২৪ সালের নভেম্বরে নেতানিয়াহু এবং ইসরায়েলের সাবেক প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্টের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে আইসিসি।
মতামত