জামায়াতে ইসলামীর দিকে ইঙ্গিত করে স্বাস্থ্য ও পরিবারকল্যাণমন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন বলেছেন, ‘বেহেশতের টিকিট বিক্রেতারা আবার ফ্যাসিস্টদের সঙ্গে হাত মিলিয়েছে।’
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) দুপুরে নরসিংদীর মনোহরদী উপজেলা অডিটোরিয়ামে অসহায় মানুষের মধ্যে আর্থিক সহায়তা ও টিন বিতরণ অনুষ্ঠানে বক্তব্য দেওয়ার সময় তিনি এ মন্তব্য করেন।
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগকে ‘ফ্যাসিস্ট’ হিসেবে উল্লেখ করে স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘ফ্যাসিস্টরা বলছে ডিসেম্বরে তাদের রানীমা দেশে আসবেন, আর রাজাকাররা বলছে ডিসেম্বরে আমাদের পতন ঘটাবে।’
তিনি বলেন, জনগণের ভোটে দিনের বেলায় যে সরকার গঠিত হয়েছে, সেটি প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন গণমুখী সরকার। তারেক রহমানের কর্মদক্ষতা, নেতৃত্বের গুণাবলি ও সততার কারণে এরই মধ্যে বিশ্বজুড়ে তার সুনাম তৈরি হয়েছে বলেও মন্তব্য করেন তিনি। তবে এই নেতৃত্বের গতিপথ বাধাগ্রস্ত করার চেষ্টা চলছে বলে দাবি করেন স্বাস্থ্যমন্ত্রী।
দেশের জ্বালানি পরিস্থিতি নিয়েও আওয়ামী লীগের সমালোচনা করেন সরদার সাখাওয়াত হোসেন। তার অভিযোগ, দেশকে পরনির্ভরশীল রাখার উদ্দেশ্যে দলটি নতুন কোনো গ্যাসকূপ খনন করেনি।
স্বাস্থ্যমন্ত্রী জানান, বিদেশি কোম্পানির সঙ্গে চুক্তির মাধ্যমে বঙ্গোপসাগরে দ্রুত গ্যাসকূপ খননের পরিকল্পনা নেওয়া হয়েছে। এর মাধ্যমে দেশের জ্বালানি ও বিদ্যুতের ঘাটতি পূরণের উদ্যোগ নেওয়া হবে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মনোহরদী উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহামুদুল হাসান। এ সময় প্রশাসনের কর্মকর্তাদের পাশাপাশি বিএনপির স্থানীয় নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন।
মতামত