গঙ্গার পানিবণ্টন নিয়ে ভারতের সঙ্গে বিদ্যমান চুক্তি নবায়নের পরিবর্তে নতুন চুক্তি করতে চায় বাংলাদেশ। নতুন চুক্তিতে গ্যারান্টি ক্লজ রাখার পাশাপাশি দেশের স্বার্থ যাতে সুরক্ষিত থাকে, তা নিশ্চিত করার কথা জানিয়েছেন পানিসম্পদমন্ত্রী মো. শহীদউদ্দিন চৌধুরী এ্যানি।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) রাজধানীতে নদী বিষয়ক এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
পানিসম্পদমন্ত্রী বলেন, বাংলাদেশের অর্থনীতির গুরুত্বপূর্ণ ভিত্তিগুলোর একটি হলো নদী। তবে শিল্পায়নের বিস্তার ও জলবায়ু পরিবর্তনের নেতিবাচক প্রভাব দেশের নদীগুলোর ওপর পড়ছে। নদীদূষণের কারণগুলো চিহ্নিত করে সেগুলো নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ নেওয়া জরুরি।
রাজধানীর বুড়িগঙ্গার দূষণ পরিস্থিতিকে এখনো বড় ধরনের চ্যালেঞ্জ হিসেবে উল্লেখ করেন তিনি।
অনুষ্ঠানে জানানো হয়, ঢাকা মহানগরীতে প্রতিদিন প্রায় ৩ হাজার ৯০০ মিলিয়ন লিটার বর্জ্যপানি উৎপন্ন হয়। এর মধ্যে প্রায় ১ হাজার ৫০০ মিলিয়ন লিটার বর্জ্যপানি সরাসরি নদীতে গিয়ে পড়ে। এতে প্রতিবছর দেশের প্রায় বিলিয়ন ডলারের আর্থিক ক্ষতি হচ্ছে।
অনুষ্ঠানে ঢাকার নদীগুলোকে দূষণমুক্ত রাখা, সংরক্ষণ এবং কার্যকর ব্যবস্থাপনার জন্য সংশ্লিষ্ট সব পক্ষের সমন্বিত উদ্যোগের ওপর গুরুত্ব দেওয়া হয়।
মতামত