২০১৮ সালে কক্সবাজারের উখিয়া থেকে নিখোঁজ হয়েছিলেন মোহাম্মদ জসিম উদ্দিন। মানসিক ভারসাম্য হারানোর পর নিখোঁজ হওয়া জসিমের খোঁজে দীর্ঘদিন ধরে চেষ্টা চালিয়েও সন্ধান পাননি স্বজনরা। অবশেষে ফেসবুকে ছড়িয়ে পড়া একটি ভিডিওর মাধ্যমে আট বছর পর তাঁর সন্ধান মিলেছে পঞ্চগড়ের তেঁতুলিয়ায়।
সোমবার (২১ সেপ্টেম্বর) রাত ১০টার দিকে তেঁতুলিয়া উপজেলার বাংলাবান্ধা এলাকায় জসিমের সঙ্গে পরিবারের তিন সদস্যের দেখা হয়। দীর্ঘদিন পর স্বজনকে কাছে পেয়ে আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়। জসিম উখিয়ার বালুখালী কাস্টমস এলাকার বাসিন্দা আবুল হোসেনের দ্বিতীয় ছেলে।
পরিবারের সদস্যরা জানান, ২০০৭-০৮ সালের দিকে জসিমের মধ্যে প্রথম মানসিক ভারসাম্যহীনতার লক্ষণ দেখা দেয়। এরপর ২০১৮ সালে বালুখালী এলাকা থেকে হঠাৎ নিখোঁজ হয়ে যান তিনি। এরপর বিভিন্ন জায়গায় খোঁজ করেও তাঁর কোনো সন্ধান পাওয়া যায়নি।
জসিমের ছোট ভাই মিজানুর রহমান জামি বলেন, ভাইকে এভাবে আবার ফিরে পাবেন, এমনটা কখনো ভাবেননি। রোববার ‘হোপনেস্ট বিডি’ (HopeNest BD) নামের একটি ফেসবুক পেজে প্রকাশিত ভিডিওতে তিনি জসিমকে দেখতে পান। পরিচয় নিশ্চিত হওয়ার পর পরিবারের সদস্যরা দ্রুত পঞ্চগড়ের উদ্দেশে রওনা হন। দীর্ঘ পথ পাড়ি দিয়ে ভাইকে কাছে পাওয়ার পর যাত্রার ক্লান্তি আর অনুভূত হয়নি বলেও জানান তিনি।
রংপুরের স্বেচ্ছাসেবী তরুণ জয়নাল আবেদীন রাজীব ‘হোপনেস্ট বাংলাদেশ’ নামের একটি মানবিক সংগঠনের মাধ্যমে মানসিক ভারসাম্যহীন মানুষদের উদ্ধার, পুনর্বাসন ও পরিবারের কাছে ফিরিয়ে দেওয়ার কাজ করেন।
সম্প্রতি বাংলাবান্ধা জিরো পয়েন্ট এলাকায় জসিমকে অপ্রকৃতিস্থ অবস্থায় ঘোরাফেরা করতে দেখেন রাজীব। তখন তাঁর গায়ে কোনো পোশাক ছিল না। উদ্ধারের পর জসিমকে পরিষ্কার-পরিচ্ছন্ন করে নতুন পোশাক পরানো হয়। তাঁর কাছ থেকে শুধু নিজের নাম ও বাড়ির নাম ‘বালুখালী’ জানা সম্ভব হয়েছিল। পরে পরিবারের সন্ধানে তাঁর একটি ভিডিও ধারণ করে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করা হয়।
সেই ভিডিও দেখেই জসিমের পরিবারের সদস্যরা যোগাযোগ করেন এবং পঞ্চগড়ে এসে তাঁর পরিচয় নিশ্চিত করেন।
প্রায় ছয় বছর ধরে এ ধরনের মানবিক কর্মকাণ্ডে যুক্ত জয়নাল আবেদীন রাজীব বলেন, আট বছর পর একজন মানুষকে তাঁর পরিবারের কাছে ফিরিয়ে দেওয়ার আনন্দ ভাষায় প্রকাশ করা কঠিন। স্বজনদের এই পুনর্মিলনই তাঁদের কাজের সবচেয়ে বড় সাফল্য।
আইনি ও প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা শেষ হওয়ার পর জসিমকে সঙ্গে নিয়ে তাঁর স্বজনেরা কক্সবাজারের উদ্দেশে রওনা হবেন বলে জানা গেছে।
মতামত