নীলফামারীর ডিমলা সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ২১ পিস ইয়াবাসহ মোস্তাকিম (৪০) নামে এক ব্যক্তিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ সময় তাঁর কাছ থেকে নগদ ১ লাখ ৫২ হাজার টাকা, একটি মোটরসাইকেল ও দুটি স্মার্টফোনসহ বিভিন্ন সামগ্রী জব্দ করা হয়।
মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) রাতে উপজেলার বালাপাড়া এলাকার তেলিয়াপাড়া মোড়ে এ অভিযান পরিচালনা করে রংপুর ব্যাটালিয়ন (৫১ বিজিবি) এর অধীন থানারহাট বিওপির একটি বিশেষ টহল দল।
বিজিবি সূত্রে জানা যায়, ওই এলাকায় মাদক কেনাবেচার উদ্দেশ্যে কয়েকজনের অবস্থানের খবর পেয়ে অভিযান চালানো হয়। টহল দলের উপস্থিতি বুঝতে পেরে কয়েকজন পালানোর চেষ্টা করেন। এ সময় ধাওয়া দিয়ে মোস্তাকিমকে আটক করা হয়।
আটক মোস্তাকিম শোভনগঞ্জ ইউনিয়নের তেলিয়াপাড়া গ্রামের সবুর উদ্দিনের ছেলে।
বিজিবির দাবি, তাঁর দেহ ও সঙ্গে থাকা ব্যাগ তল্লাশি করে ২১ পিস ইয়াবা, দুটি মোবাইল ফোন, দুটি সিমকার্ড, একটি মোটরসাইকেল, একটি স্কুলব্যাগ এবং নগদ ১ লাখ ৫২ হাজার টাকা উদ্ধার করা হয়েছে। জব্দ করা মালামালের আনুমানিক সিজার মূল্য ৩ লাখ ৪০ হাজার ১০০ টাকা বলে জানিয়েছে বিজিবি।
বিজিবি আরও জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে মোস্তাকিম মাদক কারবারের সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন। তাঁর দেওয়া তথ্যের ভিত্তিতে মোকলেস হোসেন ও জহির উদ্দিন জুয়েল নামে আরও দুজনের সম্পৃক্ততার তথ্য পাওয়া গেছে বলে জানিয়েছে । তাঁরা দুজনই বর্তমানে পলাতক এবং তাঁদের বাড়ি ডিমলা উপজেলায়।
পরে জব্দ করা আলামতসহ মোস্তাকিমকে ডিমলা থানায় হস্তান্তর করা হয়েছে। পলাতক ব্যক্তিদের গ্রেপ্তারে আইনগত পদক্ষেপ নেওয়া হচ্ছে বলে জানিয়েছে বিজিবি। এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রক্রিয়াও চলমান রয়েছে।
রংপুর ব্যাটালিয়ন (৫১ বিজিবি) এর অধিনায়ক জানান, সীমান্ত এলাকায় মাদকবিরোধী অভিযান ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে। মাদক নির্মূলে ভবিষ্যতেও এ ধরনের অভিযান পরিচালনা করা হবে।
মতামত