ব্রাহ্মণবাড়িয়া-ঢাকা রেলপথে চলাচলকারী তিতাস কমিউটার ট্রেনের টিকিট কাউন্টার ম্যানেজার ও বুকিং ক্লার্ককে মারধরের অভিযোগ উঠেছে ব্রাহ্মণবাড়িয়া পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক নাজমুল হুদা সানির বিরুদ্ধে। সোমবার (১৪ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ব্রাহ্মণবাড়িয়া রেলস্টেশনে এ ঘটনা ঘটে।
ভুক্তভোগীরা হলেন টিকিট কাউন্টার ম্যানেজার মহিউদ্দিন আহমেদ সজীব ও বুকিং ক্লার্ক মো. কাউসার হোসেন। তাদের অভিযোগ, নাজমুল হুদা সানি কয়েকবার ফোন করলেও কাউসার ফোন ধরেননি। এতে ক্ষুব্ধ হয়ে তিনি স্টেশনের টিকিট কাউন্টারে এসে কাউসার ও ম্যানেজার সজীবকে চড়-থাপ্পড় মারেন।
ঘটনার পর নিরাপত্তাহীনতায় টিকিট কাউন্টারের কার্যক্রম বন্ধ করে দেন কর্মীরা। এতে প্রায় দেড় ঘণ্টা টিকিট বিক্রি বন্ধ থাকে। পরে পরিস্থিতি স্বাভাবিক হলে পুনরায় টিকিট বিক্রি শুরু হয়।
ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই মো. শাহ আলম মিয়া জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ভুক্তভোগীরা ফাঁড়িতে এসে অভিযোগ করেছেন। লিখিত অভিযোগের ভিত্তিতে জড়িতদের শনাক্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
তবে মারধরের অভিযোগ অস্বীকার করেছেন নাজমুল হুদা সানি। তার দাবি, তিতাস কমিউটার ট্রেনের টিকিট কাউন্টার থেকে কালোবাজারিদের কাছে অতিরিক্ত দামে টিকিট বিক্রির খবর পেয়ে তিনি প্রতিবাদ করতে স্টেশনে যান। কাউকে মারধর করা হয়নি বলেও দাবি করেন তিনি।
ঘটনাটি নিয়ে রেলস্টেশন এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
মতামত