ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে মাদকবিরোধী অভিযান চালিয়ে ৮ কেজি গাঁজাসহ আলম মিয়া (২৮) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (১৪ সেপ্টেম্বর) দিবাগত রাত আড়াইটার দিকে উপজেলার চান্দুরা ইউনিয়নের ইব্রাহিমপুর এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে সোমবার দিবাগত রাতে বিজয়নগর থানার উপপরিদর্শক (এসআই) গিয়াস উদ্দিন সঙ্গীয় পুলিশ সদস্যদের নিয়ে ইব্রাহিমপুর এলাকায় অভিযান পরিচালনা করেন। এ সময় ইব্রাহিমপুর গ্রামের জজ মিয়ার বাড়ির সামনে ইব্রাহিমপুর-কালিসীমাগামী গ্রাম্য সড়কে আলম মিয়াকে আটক করা হয়।
পরে তার দেহ ও সঙ্গে থাকা মালামাল তল্লাশি করে ৮ কেজি গাঁজা উদ্ধার করা হয়। পুলিশের দাবি, উদ্ধার করা গাঁজা উপস্থিত সাক্ষীদের সামনে বিধি মোতাবেক জব্দ করা হয়েছে। গ্রেপ্তার আলম মিয়া (২৮) উপজেলার ইব্রাহিমপুর আশ্রয়ণ প্রকল্পের বাসিন্দা। তিনি মৃত শাহজাহান মিয়ার ছেলে।
এ ঘটনায় আলম মিয়ার বিরুদ্ধে বিজয়নগর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সারণির ১৯(খ)/৪১ ধারায় মামলা করা হয়েছে। মামলার নম্বর-২০, তারিখ ১৪ সেপ্টেম্বর ২০২৬। একই তারিখে মামলাটি জিআর নম্বর-৩৬২ হিসেবে নথিভুক্ত হয়েছে।
বিজয়নগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আহসান উল্লাহ বলেন, “৮ কেজি গাঁজাসহ আলম মিয়াকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। মাদক নিয়ন্ত্রণে পুলিশের নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে।”
তিনি বলেন, “মাদকের বিস্তার রোধে বিজয়নগর উপজেলার বিভিন্ন এলাকায় নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। মাদক ব্যবসা ও পাচারের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।” মাদকবিরোধী এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। অভিযানের পর সংশ্লিষ্ট এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।
মতামত