মৌলভীবাজারে অষ্টম শ্রেণির এক স্কুলছাত্রীকে অপহরণের পর ধর্ষণের অভিযোগে দায়ের করা মামলার পলাতক প্রধান আসামিকে ঢাকার হাতিরঝিল এলাকা থেকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
গ্রেপ্তারকৃত ইমাদ (১৫) মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল উপজেলার উত্তরসুর এলাকার জাহাঙ্গীর মিয়ার ছেলে।
র্যাব-৯,সিলেটের মিডিয়া অফিসার ও অতিরিক্ত পুলিশ সুপার কে এম শহিদুল ইসলাম সোহাগ স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়,ভুক্তভোগী মৌলভীবাজার সদর উপজেলার একটি স্থানীয় বিদ্যালয়ের অষ্টম শ্রেণির শিক্ষার্থী। অভিযুক্তরা ভুক্তভোগীর পরিবারের আত্মীয় হওয়ায় আগে থেকেই তাদের বাড়িতে যাতায়াত ছিল।
একপর্যায়ে ইমাদ ওই শিক্ষার্থীকে প্রেমের প্রস্তাব দিলে সে তা প্রত্যাখ্যান করে। এর জের ধরে গত ১১ আগস্ট ভুক্তভোগীর মা তাকে স্কুলে পাঠিয়ে চিকিৎসকের কাছে দেখানোর জন্য মৌলভীবাজার শহরে যান।
পরে বাড়িতে ফিরে মেয়েকে না পেয়ে তার মা বিদ্যালয়ে খোঁজ করেন। সেখানে সন্ধান না পেয়ে আশপাশের এলাকা ও আত্মীয়-স্বজনের বাড়িসহ বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার সন্ধান না মেলায় মৌলভীবাজার সদর মডেল থানায় একটি সাধারণ ডায়েরি করেন।
পরবর্তীতে গত ১৮ আগস্ট স্থানীয় লোকজনের মাধ্যমে ভুক্তভোগীর মা জানতে পারেন,ঘটনার দিন দুপুর আনুমানিক ১টার দিকে ইমাদ অন্যদের সহযোগিতায় মৌলভীবাজার সদর উপজেলার কালিয়ারগাঁও এলাকার নতুন বাজার আদর্শ উচ্চ বিদ্যালয়ের সামনে থেকে ওই শিক্ষার্থীকে জোরপূর্বক একটি সিএনজিচালিত অটোরিকশায় তুলে নিয়ে যায়।
অভিযোগ অনুযায়ী,পরে তাকে এক সহযোগীর বাড়িতে নিয়ে গিয়ে তার ইচ্ছার বিরুদ্ধে ধর্ষণ করা হয়। এ ঘটনায় ভুক্তভোগীর মা মৌলভীবাজার সদর মডেল থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন।
মামলার পর পলাতক আসামিদের গ্রেপ্তারে র্যাব-৯ ছায়া তদন্ত শুরু করে এবং গোয়েন্দা তৎপরতা জোরদার করে।
এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৯, সিপিসি-২, মৌলভীবাজার এবং র্যাব-৩-এর সিপিসি-২-এর যৌথ আভিযানিক দল গত ৩১ আগস্ট বিকেল আনুমানিক ৩টার দিকে ঢাকার হাতিরঝিল থানার মধুবাগ মোড় এলাকায় অভিযান চালিয়ে ইমাদকে গ্রেপ্তার করে।
মৌলভীবাজার সদর মডেল থানায় দায়ের করা মামলাটি নারী ও শিশু নির্যাতন দমন আইন,২০০০-এর সংশ্লিষ্ট ধারায় রুজু করা হয়েছে বলে র্যাব জানিয়েছে।
গ্রেপ্তারের পর পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের জন্য ইমাদকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
র্যাব জানিয়েছে,দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে অপরাধীদের বিরুদ্ধে তাদের গোয়েন্দা তৎপরতা ও অভিযান অব্যাহত থাকবে।
মতামত