চলতি বছরের আগস্টের প্রথম ৩০ দিনে দেশে ২৮৩ কোটি মার্কিন ডলার রেমিট্যান্স এসেছে। বাংলাদেশি মুদ্রায় এর পরিমাণ প্রায় ৩৪ হাজার ৮০৯ কোটি টাকা, প্রতি ডলার ১২৩ টাকা হিসাবে।
সোমবার (৩১ আগস্ট) বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান এ তথ্য জানান।
কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী, গত বছরের আগস্টের একই সময়ে দেশে রেমিট্যান্স এসেছিল ২২২ কোটি ৯০ লাখ ডলার। সে হিসাবে এক বছরের ব্যবধানে চলতি বছরের প্রথম ৩০ দিনে প্রবাসী আয় বেড়েছে ২৬ দশমিক ৯০ শতাংশ।
এদিকে শুধু রোববারই দেশে প্রবাসীরা পাঠিয়েছেন ১ হাজার ৯৮০ কোটি ৩০ লাখ টাকা।
চলতি অর্থবছরের শুরু থেকে ৩০ আগস্ট পর্যন্ত মোট ৫৬৮ কোটি ৯০ লাখ ডলার রেমিট্যান্স দেশে এসেছে। গত অর্থবছরের একই সময়ে এই পরিমাণ ছিল ৪৭০ কোটি ৭০ লাখ ডলার।
অর্থাৎ এক বছরের তুলনায় চলতি অর্থবছরের একই সময়ে প্রবাসী আয় বেড়েছে প্রায় ৯৮ কোটি ২০ লাখ ডলার। রেমিট্যান্সের এই প্রবৃদ্ধি দেশের বৈদেশিক মুদ্রার প্রবাহ ও সামগ্রিক অর্থনীতিতে ইতিবাচক প্রভাব রাখবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।
মতামত