দীর্ঘ চিকিৎসা শেষে আগামী ২ সেপ্টেম্বর (বুধবার) দেশে ফিরছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) স্থায়ী কমিটির সদস্য ও ঢাকা-৮ আসনের সংসদ সদস্য মির্জা আব্বাস।
আজ রোববার (৩০ আগস্ট) বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এ তথ্য নিশ্চিত করেছেন।তিনি জানান, আগামী ২ সেপ্টেম্বর রাত ৯টায় বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে ঢাকায় অবতরণ করার কথা রয়েছে তাঁর।
সিঙ্গাপুর ও মালয়েশিয়ায় দীর্ঘ চিকিৎসাপ্রক্রিয়া শেষে মেডিকেল বোর্ডের পরামর্শে বর্তমানে তিনি সুস্থ বোধ করায় দেশে ফেরার সিদ্ধান্ত নিয়েছেন। উল্লেখ্য, গত ১১ মার্চ পবিত্র রমজান মাসে ইফতারের সময় হঠাৎ গুরুতর অসুস্থ হয়ে পড়েন মির্জা আব্বাস। ওই রাতেই তাঁকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয় এবং পরে তাঁর মস্তিষ্কে একটি জরুরি অস্ত্রোপচার সম্পন্ন হয়।
পরবর্তীতে উন্নত চিকিৎসার উদ্দেশ্যে ১৫ মার্চ এয়ার অ্যাম্বুলেন্সে করে তাঁকে সিঙ্গাপুরে নিয়ে যাওয়া হয়। সেখানে শারীরিক অবস্থার উন্নতি হলে চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী ১৪ এপ্রিল তাঁকে সিঙ্গাপুর জেনারেল হাসপাতাল থেকে মালয়েশিয়ার প্রিন্স কোর্ট মেডিকেল সেন্টারে স্থানান্তর করা হয়। এতদিন তিনি সেখানেই চিকিৎসাধীন ছিলেন।
মতামত