স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম জানিয়েছেন, আগামী সেপ্টেম্বরের শেষ দিক থেকে বাংলাদেশ থেকে নতুন করে কর্মী নেওয়া শুরু করবে মালয়েশিয়া। আগামী ছয় মাসে পর্যায়ক্রমে মোট ২ লাখ বাংলাদেশি কর্মী নেওয়ার পরিকল্পনা রয়েছে দেশটির। এর মধ্যে ১০ হাজার কর্মী সম্পূর্ণ বিনা খরচে বা ‘জিরো কস্টে’ মালয়েশিয়ায় যাওয়ার সুযোগ পাবেন।
রোববার (৩০ আগস্ট) সচিবালয়ে বাংলাদেশে নিযুক্ত মালয়েশিয়ার হাইকমিশনার মোহাম্মদ সুহাদা ওসমানের সঙ্গে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ড. আবদুল মঈন খানের বৈঠক শেষে সাংবাদিকদের এসব তথ্য জানান প্রতিমন্ত্রী।
তিনি বলেন, তালিকাভুক্ত কোম্পানিগুলোর মাধ্যমে মোট ২ লাখ কর্মী মালয়েশিয়ায় নেওয়া হবে। সেপ্টেম্বরের শেষ নাগাদ কর্মী পাঠানোর কার্যক্রম শুরু হয়ে ছয় মাসের মধ্যেই পুরো প্রক্রিয়া শেষ হওয়ার কথা রয়েছে। এর বাইরে ১০ হাজার কর্মীকে কোনো ধরনের খরচ ছাড়াই নেওয়া হবে।
বৈঠকে মালয়েশিয়ার পক্ষ থেকে বাংলাদেশে বিভিন্ন খাতে ২ মিলিয়ন ডলার বিনিয়োগের আগ্রহের কথাও জানানো হয়েছে।
বর্তমানে মালয়েশিয়ায় প্রায় ৮ লাখ নিবন্ধিত বাংলাদেশি কর্মী রয়েছেন বলে জানান প্রতিমন্ত্রী। সেখানে অবস্থানরত অনিবন্ধিত বাংলাদেশিদের নিবন্ধনের আওতায় আনার বিষয়েও আলোচনা হয়েছে। এছাড়া দুই দেশের শিক্ষা খাতে পারস্পরিক শিক্ষার্থী বিনিময়ের তথ্যও তুলে ধরা হয়।
তবে মালয়েশিয়া থেকে এলএনজি আমদানির বিষয়ে বাংলাদেশের দেওয়া চিঠি নিয়ে বৈঠকে কোনো আলোচনা হয়নি বলে জানান প্রতিমন্ত্রী।
মতামত