বাউফলের সন্তান হাফেজ জাকারিয়ার সাফল্যে গর্বিত স্থানীয়রা। আন্তর্জাতিক কোরআন তেলাওয়াত ও হিফজ প্রতিযোগিতায় বিশ্বের ১৩৩টি দেশের প্রতিযোগীকে পেছনে ফেলে অর্জন করেছেন বিশ্বজয়ের গৌরব। তাঁর এই সাফল্যকে স্বীকৃতি দিতে সংবর্ধনা দিয়েছে বাউফল উপজেলা প্রশাসন।
শনিবার দুপুরে বাউফল উপজেলা পরিষদের কনফারেন্স রুমে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পটুয়াখালী-২ (বাউফল) আসনের সংসদ সদস্য ড. শফিকুল ইসলাম মাসুদ। তিনি হাফেজ জাকারিয়াকে ফুলেল শুভেচ্ছা জানান এবং তাঁর হাতে ক্রেস্ট ও নগদ ৫০ হাজার টাকা উপহার তুলে দেন।
বাউফল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সালেহ আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সোহাগ মিলু, উপজেলা বিএনপির সদস্যসচিব আপেল মাহমুদ ফিরোজ, উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা রফিকুল ইসলামসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে ড. শফিকুল ইসলাম মাসুদ বলেন, আন্তর্জাতিক অঙ্গনে কোরআন তেলাওয়াত ও হিফজ প্রতিযোগিতায় জাকারিয়ার সাফল্য শুধু তাঁর পরিবার বা বাউফলের নয়, পুরো বাংলাদেশের জন্য গর্বের। তাঁর অর্জন দেশের ভাবমূর্তি উজ্জ্বল করেছে।
তিনি বলেন, ১৩৩টি দেশের প্রতিযোগীদের মধ্যে বাংলাদেশের একজন তরুণের এমন সাফল্য প্রমাণ করে, সুযোগ ও সঠিক দিকনির্দেশনা পেলে দেশের মেধাবী সন্তানেরা বিশ্বমঞ্চে নিজেদের যোগ্যতার স্বাক্ষর রাখতে পারে। জাকারিয়ার সাফল্য আগামী প্রজন্মের শিক্ষার্থী ও হাফেজদের অনুপ্রাণিত করবে।
এমপি মাসুদ বলেন, কোরআনের আলোয় আলোকিত প্রজন্ম গড়ে তুলতে পরিবার, সমাজ ও রাষ্ট্রকে একসঙ্গে কাজ করতে হবে। মেধাবী ও কৃতী শিক্ষার্থীদের স্বীকৃতি ও উৎসাহ দিলে তারা আরও বড় অর্জনের দিকে এগিয়ে যেতে পারবে।
সংবর্ধনা অনুষ্ঠানে হাফেজ জাকারিয়ার পরিবারের সদস্য, স্থানীয় আলেম-ওলামা, রাজনৈতিক নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
মতামত