ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সাবেক মেয়র ও সাবেক সংসদ সদস্য মোহাম্মদ সাঈদ খোকনকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার (১৭ নভেম্বর) সকাল ৭টার দিকে রাজধানীর বারিধারার ৯ নম্বর রোডের ১৩ নম্বর বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারের পর তাকে প্রথমে গুলশান থানায় নেওয়া হয়। পরে অধিকতর জিজ্ঞাসাবাদের জন্য গোয়েন্দা পুলিশের (ডিবি) কাছে হস্তান্তর করা হয়েছে।
পুলিশ জানিয়েছে, সাঈদ খোকনের বিরুদ্ধে ৩০টির বেশি মামলা রয়েছে। এসব মামলার মধ্যে জুলাই-আগস্টের ছাত্র-জনতার আন্দোলনের সময় সংঘটিত হত্যাকাণ্ডের মামলাও রয়েছে। মঙ্গলবার ডিএমপির মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে উপ-পুলিশ কমিশনার (মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস) আখতার হোসেন জানান, তার বিরুদ্ধে পরবর্তী আইনি কার্যক্রম চলমান রয়েছে।
এদিকে, দুর্নীতি ও অর্থ পাচারের অভিযোগেও সাঈদ খোকনের বিরুদ্ধে তদন্ত চলছে। ২০২৫ সালের ১৩ নভেম্বর ৫৪ কোটি টাকা অর্থ পাচারের অভিযোগে তার বিরুদ্ধে মামলা করার অনুমোদন দেয় দুর্নীতি দমন কমিশন (দুদক)। এ মামলায় তার বোন শাহানা হানিফ ও এক কর্মচারীকেও আসামি করা হয়েছে।
এর আগে, ২০২৫ সালের ১০ ফেব্রুয়ারি আদালত সাঈদ খোকন ও তার পরিবারের সদস্যদের নামে থাকা ৭৯টি ব্যাংক হিসাব অবরুদ্ধ করার নির্দেশ দেন।
এ ছাড়া সাঈদ খোকন ও তার পরিবারের বিরুদ্ধে প্রায় ২৯৭ কোটি টাকা কর ফাঁকির অভিযোগ রয়েছে। এর মধ্যে শুধু সাঈদ খোকনের বিরুদ্ধেই ৯৪ কোটি ২০ লাখ টাকা কর ফাঁকির অভিযোগ করা হয়েছে।
দুর্নীতির এসব অভিযোগের তদন্তের অংশ হিসেবে ২০২৪ সালের ২৩ ডিসেম্বর আদালত সাঈদ খোকন ও তার পরিবারের কয়েকজন সদস্যের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা দেন।
মতামত