"কৃষিই সমৃদ্ধি"—এই শ্লোগানকে সামনে নিয়ে যশোরের মণিরামপুরে রবি মৌসুমে হাসতে শুরু করেছে হাজারো কৃষকের স্বপ্ন। ২০২৬-২৭ অর্থবছরের সরকারি প্রণোদনার আওতায় উপজেলার ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে উচ্চফলনশীল সরিষা ও মসুর ডাল বীজ এবং রাসায়নিক সার বিতরণের এক শুভ উদ্বোধনী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।মঙ্গলবার(১৭ নভেম্বর) স্থানীয় উপজেলা পরিষদ মিলনায়তনে মনিরামপুর উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের যৌথ উদ্যোগে উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়।
মণিরামপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. সম্রাট হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে
অন্যান্যের মধ্যে বক্তব্য দেন উপজেলা কৃষি অফিসার(ভাঃ) কৃষিবিদ মুহাম্মদ জুনাইদ হাবীব, উপজেলা জামায়াতের আমীর অধ্যাপক ফজলুল হক, মনিরামপুর উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক শামসুজ্জামান শান্ত, মনিরামপুর প্রেসক্লাবের সভাপতি এস এম মজনুর রহমান,
উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের নেতা খান আক্তার হোসেন, মহিলা এমপি মনোনীত ও বিএনপি' নেতা জাহাঙ্গীর বিশ্বাস,বিএনপি নেতা সন্তোষ স্বর, উপজেলা বিএনপি'র সাংগঠনিক সম্পাদক খান শফিয়ার রহমানসহ আরো অনেকে।
এ সময় উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ, বিশিষ্ট গণ্যমান্য ব্যক্তিবর্গ, সুধীবৃন্দ এবং উপজেলা তৃণমূল থেকে আসা সুবিধাভোগী প্রান্তিক কৃষকগণ উপস্থিত ছিলেন।
সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার মো. সম্রাট হোসেন বলেন, আমাদের দেশের মাটি ও মানুষের প্রাণ হলো এই কৃষকরা। হাড়ভাঙা পরিশ্রমে যারা আমাদের অন্ন জোগান, তাদের মুখে হাসি ফোটানোই সরকারের সবচেয়ে বড় সার্থকতা। আজকের এই প্রণোদনা শুধু কিছু বীজ বা সারের প্যাকেট নয়; এটি প্রতিটি কৃষকের ঘরে সচ্ছলতা ও সমৃদ্ধি ফিরিয়ে আনার এক গভীর প্রত্যয়। আসুন, আমরা সকলে মিলে কৃষিকে ভালোবেসে মণিরামপুরকে ফসলের সবুজ বিপ্লব গড়ে তুলি।
অনুষ্ঠানের মূল বিষয়বস্তু তুলে ধরে মণিরামপুর উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মুহাম্মদ জুনাইদ হাবীব বলেন, চলমান ২০২৬-২৭ অর্থবছরের রবি মৌসুমে আমাদের মণিরামপুর উপজেলায় সরিষা ও মসুর ডাল চাষে বিপ্লব ঘটানোর লক্ষ্যেই এই প্রণোদনা কার্যক্রম হাতে নেওয়া হয়েছে। এর আওতায় মোট ৫ হাজার ২০০ জন প্রান্তিক কৃষককে প্রতি ৩৩ শতাংশ (এক বিঘা) জমির জন্য ১ কেজি সরিষা বীজ, ১০ কেজি এমওপি এবং ১০কেজি ডিএপি সার সম্পূর্ণ বিনামূল্যে প্রদান করা হচ্ছে। পাশাপাশি, ডাল উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ১০০ জন কৃষককে প্রতি বিঘায় ৫ কেজি মসুর ডাল বীজ, ৫ কেজি এমওপি এবং ১০ কেজি ডিএপি সার বিনামূল্যে দেওয়া হচ্ছে।
তিনি আরও বলেন, আমাদের মাটি উর্বর, কৃষকের হাত জাদুকরী। সঠিক সময়ে সঠিক সহায়তা পেলে আমাদের কৃষকরা দেশের খাদ্য চাহিদা মিটিয়ে ইতিহাস গড়বেন ইনশাআল্লাহ। কৃষি বিভাগ সব সময় কৃষকের পাশে ছিল, আছে এবং ভবিষ্যতেও থাকবে।
মতামত