বাংলার কৃষি-ঐতিহ্যে অগ্রহায়ণ মানেই নবান্নের উৎসব। নতুন ধানের ঘ্রাণে গ্রামবাংলার ঘরে ঘরে ছড়িয়ে পড়ে আনন্দের আবহ। এরই ধারাবাহিকতায় দিনাজপুরের বীরগঞ্জে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের ঢেপা নদী সেচ প্রকল্প এলাকায় অনুষ্ঠিত হয়েছে আমন ধানের মাঠ দিবস ও শস্য কর্তন কর্মসূচি।
সোমবার (১৬ নভেম্বর) অগ্রহায়ণের প্রথম দিনে আয়োজিত এ কর্মসূচিতে সোনালি ধানের মাঠজুড়ে দেখা যায় উৎসবমুখর পরিবেশ। পাকা ধান কেটে ফলন মূল্যায়ন করেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।
কর্মসূচিতে প্রদর্শিত ব্রি ধান-৯৩ জাতের আমন ধানের ফলন পাওয়া গেছে হেক্টরপ্রতি ৫ দশমিক ৮ মেট্রিক টন, যা প্রচলিত হিসাবে বিঘাপ্রতি প্রায় ১৯ মণ। এ ফলনে সন্তোষ প্রকাশ করেন সংশ্লিষ্ট কর্মকর্তা ও স্থানীয় কৃষকেরা।
সংশ্লিষ্টরা জানান, পরিকল্পিত সেচসুবিধা, উন্নত জাতের বীজ এবং কৃষকের নিরলস শ্রমের সমন্বয়ে এ ভালো ফলন অর্জন সম্ভব হয়েছে। এ প্রকল্পের মাধ্যমে কৃষি উৎপাদনশীলতা বৃদ্ধির পাশাপাশি কৃষকদের উন্নত প্রযুক্তিতে ধান চাষে আগ্রহী করে তোলার সুযোগ তৈরি হয়েছে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড রংপুরের মুখ্য সম্প্রসারণ কর্মকর্তা অমলেশ চন্দ্র রায়, ঠাকুরগাঁওয়ের উপপ্রধান সম্প্রসারণ কর্মকর্তা রফিউল বারি, দিনাজপুরের সম্প্রসারণ কর্মকর্তা আতিকুর রহমানসহ স্থানীয় কৃষকেরা।
এ সময় কর্মকর্তারা উন্নত জাতের ধান চাষ, পরিকল্পিত সেচ ব্যবস্থাপনা ও আধুনিক কৃষি প্রযুক্তি ব্যবহারের ওপর গুরুত্বারোপ করেন। মাঠ দিবস ও শস্য কর্তন কর্মসূচির মাধ্যমে কৃষকদের মধ্যে উন্নত জাতের ধান চাষে আগ্রহ বাড়বে বলে আশা প্রকাশ করেন তাঁরা।
মতামত