চিরচেনা সবুজ ক্যাম্পাসে এখন রঙিন আলোর ঝলকানি। পাহাড়ঘেরা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) প্রতিটি প্রান্ত যেন সেজেছে নতুন সাজে। সন্ধ্যা নামতেই নানা রঙের আলোকসজ্জায় ঝলমল করে উঠছে আবাসিক হল, একাডেমিক ভবন ও গুরুত্বপূর্ণ স্থাপনাগুলো। বিশ্ববিদ্যালয়ের ছয় দশকের গৌরবময় পথচলার স্মারক হীরকজয়ন্তী উদ্যাপনকে ঘিরে ক্যাম্পাসজুড়ে বিরাজ করছে উৎসবের আমেজ। আগামী ১৮ নভেম্বর অনুষ্ঠিত হতে যাচ্ছে বহুল প্রতীক্ষিত এ আয়োজন।
হীরকজয়ন্তীকে সামনে রেখে ক্যাম্পাসের বিভিন্ন স্থাপনায় চলছে সাজসজ্জা ও পরিচ্ছন্নতার কাজ। শিক্ষক-শিক্ষার্থী থেকে শুরু করে কর্মকর্তা-কর্মচারী—সবার মধ্যেই দেখা যাচ্ছে উৎসব ঘিরে আনন্দ ও উচ্ছ্বাস। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) ভবন থেকে কেন্দ্রীয় গ্রন্থাগার, শহীদ মিনার, কেন্দ্রীয় খেলার মাঠ, নারী হলপাড়া, কলা অনুষদ ভবন, বুদ্ধিজীবী চত্বর ও জিরো পয়েন্টসহ গুরুত্বপূর্ণ স্থানগুলোতে চলছে দৃষ্টিনন্দন আলোকসজ্জার কাজ। পাশাপাশি বিভিন্ন ভবন ও আঙিনা পরিষ্কার-পরিচ্ছন্ন করা হচ্ছে। কোথাও চলছে সাজসজ্জার শেষ মুহূর্তের প্রস্তুতি, আবার কোথাও ইতোমধ্যে আলোর ঝলকানিতে বদলে গেছে ক্যাম্পাসের চেনা দৃশ্য।
বাংলা বিভাগের অনার্স তৃতীয় বর্ষের শিক্ষার্থী সৌরভ হাসান বলেন, ‘ক্যাম্পাসকে এত সুন্দর করে সাজানো হয়েছে দেখে আমাদের খুব ভালো লাগছে। বিশ্ববিদ্যালয়ের ৬০ বছর পূর্তি আমাদের জন্য বিশেষ একটি উপলক্ষ। এই বিশ্ববিদ্যালয়ের ইতিহাস, ঐতিহ্য ও গৌরবের সঙ্গে আমরাও জড়িয়ে আছি। এমন একটি আয়োজনের অংশ হতে পারা আমাদের জন্য আনন্দের।’
দর্শন বিভাগের অনার্স দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী সীমান্ত বলেন, ‘হীরকজয়ন্তী উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের হল ও বিভিন্ন স্থাপনা অত্যন্ত সুন্দরভাবে সাজানো হয়েছে। দীর্ঘ ছয় দশকের ইতিহাস ও ঐতিহ্যের সাক্ষী এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হিসেবে হীরকজয়ন্তী উদ্যাপনের অংশ হতে পারাটা আমাদের জন্য আনন্দের ও গর্বের।’
হীরকজয়ন্তী উপলক্ষে নিরাপত্তাব্যবস্থা সম্পর্কে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর কামরুল হাসান বলেন, ‘হীরকজয়ন্তী উদ্যাপনকে কেন্দ্র করে আমরা কঠোর নিরাপত্তাব্যবস্থা গ্রহণ করেছি। এ আয়োজনে প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থী, অ্যালামনাইসহ বিপুলসংখ্যক মানুষের সমাগম হবে। বিশ্ববিদ্যালয়ের নিজস্ব নিরাপত্তাব্যবস্থার পাশাপাশি পুলিশ, র্যাবসহ অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দায়িত্ব পালন করবে। কনসার্টে যেন কোনো ধরনের বিশৃঙ্খলা না ঘটে, সে বিষয়ে আমরা সতর্ক থাকব। বিভিন্ন পয়েন্টে স্থাপিত ক্যামেরা ও ড্রোন ক্যামেরার মাধ্যমে পুরো অনুষ্ঠান নজরদারিতে রাখা হবে।’
হীরকজয়ন্তী আয়োজন প্রসঙ্গে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আল্-ফোরকান বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের ৬০ বছর পূর্তি উপলক্ষে জাঁকজমকপূর্ণ আয়োজন বাস্তবায়নের কর্মসূচি নিয়েছি আমরা। এ আয়োজনে বিশ্ববিদ্যালয়ের অ্যালামনাইসহ সাবেক শিক্ষার্থীদের এক বিশাল মিলনমেলা ঘটবে। আয়োজনটি সফলভাবে সম্পন্ন ও বাস্তবায়নের জন্য বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীসহ সংশ্লিষ্ট সবার সহযোগিতা চাই।’
ছয় দশকের গৌরবময় পথচলা, ইতিহাস ও ঐতিহ্যকে স্মরণীয় করে রাখতে হীরকজয়ন্তীর এ আয়োজন ঘিরে এখন শেষ মুহূর্তের প্রস্তুতিতে ব্যস্ত পুরো বিশ্ববিদ্যালয়।
মতামত