‘ইয়ুথ শেপিং টুমরো: স্টোরিজ অব ইয়ুথ-লেড চেঞ্জ’ প্রতিপাদ্যকে সামনে রেখে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) অনুষ্ঠিত হয়েছে ‘অপরাজেয় তারুণ্য ন্যাশনাল ইয়ুথ ফেস্টিভ্যাল ২০২৬’। রোববার (১৫ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ক্যাফেটেরিয়ার দ্বিতীয় তলায় এ উৎসবের আয়োজন করা হয়।
সুইডিশ আন্তর্জাতিক উন্নয়ন সহযোগিতা সংস্থার (সিডা) সহযোগিতায় আরএইচস্টেপের অপরাজেয় তারুণ্য (ইউওয়াইপি) প্রকল্প, রংপুর এ উৎসবের আয়োজন করে।
সকাল ৯টা ৪৫ মিনিটে নিবন্ধনের মধ্য দিয়ে উৎসবের কার্যক্রম শুরু হয়। সকাল ১০টায় উদ্বোধনের পর জাতীয় সংগীত পরিবেশন করা হয়। পরে প্রকল্পের সাংস্কৃতিক দলের সদস্যরা গান ও নাটক পরিবেশন করেন। এ সময় অতিথিদের পরিচিতি, স্বাগত বক্তব্য, প্রকল্পের সদস্যদের অভিজ্ঞতা বিনিময় এবং ২০২৫-২০২৬ সালের নির্বাচিত সফলতার গল্প তুলে ধরা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. শওকাত আলী। এ ছাড়া অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রংপুরের সিভিল সার্জন ডা. শাহীন সুলতানা, পরিবার পরিকল্পনা অধিদপ্তরের রংপুরের উপপরিচালক মো. সাইফুল ইসলাম, সহকারী পরিচালক (সিসি) ডা. খন্দকার শামসুল আলম, বিশ্ববিদ্যালয়ের দুর্যোগ বিজ্ঞান ও ব্যবস্থাপনা বিভাগের বিভাগীয় প্রধান ডা. আবু রেজা মো. তৌফিকুল ইসলাম, আফান উল্লাহ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. শাহীন বাদশা, ফতেপুর উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. সাখাওয়াত হোসেন, আরএইচস্টেপের রংপুর মেডিকেল কলেজ ইউনিট ম্যানেজার মিজানুর রহমান, নবপ্রভাত ফাউন্ডেশনের প্রকল্প ব্যবস্থাপক ওয়াচকুরুনী খান আকাশ, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় প্রেসক্লাবের সভাপতি গাজী আজম হোসেন এবং রিআর্থ ক্লাবের সভাপতি আল শাহরিয়ার। ঢাকা থেকে অনুষ্ঠানে অংশ নেন অপরাজেয় তারুণ্য প্রকল্পের প্রকল্প ব্যবস্থাপক মো. আবু রায়হান ও মাল্টিমিডিয়া প্রশিক্ষক আহাদুল সিরাজ।
উৎসবে প্রকল্পের যুব সদস্য, প্রান্তিক ও আদিবাসী জনগোষ্ঠীর তরুণ, প্রতিবন্ধী ব্যক্তি, শিক্ষার্থী এবং আরএইচস্টেপ ও ইউওয়াইপি প্রকল্পের কর্মকর্তা, মেন্টর, যুব অ্যাডভোকেট ও সাংস্কৃতিক দলের সদস্যসহ মোট ৭৯ জন অংশগ্রহণ করেন।
উৎসবের অন্যতম আকর্ষণ ছিল ‘বাংলাদেশে জলবায়ু পরিবর্তন ও এর ক্ষতিকর প্রভাব মোকাবিলায় এবং জেন্ডার-সংবেদনশীল সর্বজনীন স্বাস্থ্যসেবা (ইউএইচসি) নিশ্চিত করতে যুবদের ভূমিকা’ শীর্ষক প্যানেল আলোচনা। এতে জলবায়ু পরিবর্তন ও স্বাস্থ্য, যৌন ও প্রজনন স্বাস্থ্য ও অধিকার (এসআরএইচআর), প্রতিবন্ধী ব্যক্তিদের অন্তর্ভুক্তি, জেন্ডার সমতা এবং যুব অ্যাডভোকেসির বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়। পরে উন্মুক্ত প্রশ্নোত্তর পর্বে যুব প্রতিনিধিরা অতিথিদের সঙ্গে নিজেদের মতামত ও সুপারিশ বিনিময় করেন।
কর্মসূচির শেষ পর্যায়ে অংশগ্রহণকারীরা ‘স্বাস্থ্য অধিকার অঙ্গীকার কার্ড ও দেয়াল’-এ নিজেদের প্রতিশ্রুতি লিখে সমবেতভাবে পাঠ করেন। এ ছাড়া দিনব্যাপী আলোকচিত্র, পোস্টার, প্রতিবেদন, নাটক, গান ও স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র প্রদর্শন করা হয়।
আয়োজকরা জানান, ২০২৫ সালের জানুয়ারি থেকে রংপুরসহ দেশের ১০টি জেলায় অপরাজেয় তারুণ্য প্রকল্পের কার্যক্রম চলছে। তরুণদের নেতৃত্বে একটি অন্তর্ভুক্তিমূলক, অধিকারভিত্তিক ও যুববান্ধব স্বাস্থ্যব্যবস্থা গড়ে তোলাই এ প্রকল্পের মূল লক্ষ্য। উৎসবে অনুষ্ঠিত আলোচনা থেকে প্রাপ্ত মতামত ও সুপারিশের ভিত্তিতে ‘জলবায়ু পরিবর্তন ও সর্বজনীন স্বাস্থ্যসেবা বিষয়ে যুব সুপারিশমালা’ তৈরি করা হবে, যা উৎসব-পরবর্তী প্রতিবেদনে অন্তর্ভুক্ত করা হবে।
মতামত