নওগাঁয় অটোচার্জারের গ্যারেজে ডাকাতির ঘটনায় পুলিশ সুপারের সরাসরি তত্ত্বাবধানে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের বিশেষ সফল অভিযানে গাইবান্ধা জেলা থেকে দুই ডাকাতকে আটক করা হয়েছে। এ সময় গ্রেফতারকৃত আমিনুরের বাড়ি থেকে ডাকাতির কাজে ব্যবহৃত বিভিন্ন প্রকার দেশীয় অস্ত্র ও সরঞ্জাম জব্দ করেছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, গত ২২ অক্টোবর ২০২৬ তারিখ রাত আনুমানিক ২টা ১৫ মিনিটে একদল অজ্ঞাতনামা ডাকাত দেশীয় অস্ত্র নিয়ে নওগাঁ সদর থানাধীন চাকলা জুলুর মোড়ে অবস্থিত ফাত্তা ইসলাম সেতুর অটোচার্জারের গ্যারেজের পেছনের ইটের দেয়াল ভেঙে ভেতরে প্রবেশ করে। এ সময় গ্যারেজে থাকা বাদীর ভাইকে রশি দিয়ে বেঁধে ফেলে এবং ভয়ভীতি দেখিয়ে গ্যারেজে থাকা দুটি অটোরিকশা ও একটি ভ্যান ডাকাতি করে নিয়ে যায়।
ঘটনার খবর পাওয়ার পরপরই পুলিশ সুপার নিজে ঘটনাস্থল পরিদর্শন করেন এবং নওগাঁ সদর থানা ও ডিবি পুলিশকে দ্রুত অপরাধীদের শনাক্ত করে গ্রেফতারের নির্দেশনা প্রদান করেন।
এ ঘটনায় এর আগে শাহজাহান নামে এক সন্দেহভাজন ডাকাতকে গ্রেফতার করা হয়। তার দেওয়া তথ্য মতে এবং বিভিন্ন তথ্য-উপাত্ত বিশ্লেষণ করে ঘটনার সঙ্গে জড়িত মূল হোতা ও প্রধান ডাকাতদের শনাক্ত করা হয়।
এরই ধারাবাহিকতায় গত ১৫ নভেম্বর রাতে গাইবান্ধা জেলার বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে সাঘাটা থানা এলাকা থেকে ভোররাতে মনোয়ার হোসেন মিন্টু (৩৫) নামে একজনকে গ্রেফতার করা হয়। তিনি নওগাঁ জেলার রামভদ্রপুর গ্রামের মৃত আব্দুল মমিনের ছেলে। অপরদিকে, গাইবান্ধা জেলার সাঘাটা থানাধীন গাছবাড়ি গ্রামের আব্দুল খালেকের ছেলে আমিনুর (৪৫)-কে তার নিজ বাড়ি থেকে গ্রেফতার করা হয়।
অভিযানকালে আমিনুরের বাড়ি থেকে ডাকাতির কাজে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়। জব্দকৃত সরঞ্জামের মধ্যে রয়েছে দুটি হেক্সা ব্লেড, তালা কাটার কাজে ব্যবহৃত একটি চাইনিজ কাটার, একটি ধারালো রামদা, একটি ধারালো ছুরি, একটি একধারবিশিষ্ট সিনথেটিক বা প্লাস্টিকের হাতলযুক্ত স্টিলের ফলাযুক্ত ছুরি, একটি দা, চারটি লোহার রড, দুটি প্লাস্টিকের পাইপ এবং ডাকাতির কাজে ব্যবহৃত রশি।
এ ঘটনায় গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
নওগাঁ জেলা পুলিশের এ অভিযানে আন্তঃজেলা ডাকাত চক্রের সদস্যদের শনাক্ত ও গ্রেফতারে গুরুত্বপূর্ণ অগ্রগতি হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
মতামত