শীতের আমেজে শীতকালীন সবজির স্বাদই যেন আলাদা! টাটকা সবুজ সিম আর নানা রকম মৌসুমি সবজি খেতে শীতের দুপুরে অন্যরকম এক তৃপ্তি অনুভব হয়। প্রকৃতির এই উপহারেই লুকিয়ে আছে আসল স্বাদ ও আনন্দ।
শীতের মিষ্টি দুপুরের আগমনে বান্দরবান পাহাড়ের আনাচে-কানাচে এখন শুধু সবুজের সমারোহ। পাহাড়ের ঢালে ঢালে, জুমের পাশে, বাড়ির উঠানে আর রাস্তার ধারে মাচায় ঝুলছে টাটকা সবুজ শিম। এবার বান্দরবানে শিমের বড় ফুল ফলন হয়েছে।
সকালের কুয়াশা ভেজা পাহাড়ে কৃষকরা মাচা থেকে শিম তুলছেন। ঝুড়ি ভরে শিম যাচ্ছে বান্দরবান বাজারসহ বিভিন্ন হাট-বাজারে। দামও ভালো পাচ্ছেন কৃষকরা। তাই তাদের মুখে এখন তৃপ্তির হাসি।
স্থানীয় কৃষকরা জানান, এবার আবহাওয়া অনুকূলে থাকায় শিমের ফলন খুব ভালো হয়েছে। পোকামাকড়ের আক্রমণও তুলনামূলক কম। পাহাড়ি মাটিতে কোনো রকম সার-কীটনাশক ছাড়াই প্রাকৃতিকভাবে বেড়ে ওঠা এই শিমের চাহিদা বাজারে সবচেয়ে বেশি।
শুধু শিম নয়, শীতের এই সময়ে পাহাড়ে ফুলকপি, বাঁধাকপি, মুলা, টমেটো, লাউ, বেগুনসহ নানা রকম শীতকালীন সবজিরও ভালো ফলন হয়েছে। টাটকা, বিষমুক্ত এই সবজি কিনতে বাজারে ভিড় করছেন ক্রেতারা।
বিক্রেতারা বলেন, পাহাড়ি শিমের স্বাদই আলাদা। শহরের মানুষ এখন পাহাড়ের টাটকা শিম খুঁজে খুঁজে কিনছেন। শীতের দুপুরে গরম ভাতের সাথে পাহাড়ি শিম ভাজি, শিম দিয়ে মাছের ঝোল — এর স্বাদ যারা একবার পেয়েছেন, তারা কখনো ভুলবেন না।
কৃষি বিভাগের কর্মকর্তারা জানিয়েছেন, পাহাড়ে শীতকালীন সবজি চাষ আরও বাড়াতে কৃষকদের পরামর্শ ও সহযোগিতা দেওয়া হচ্ছে। এতে একদিকে কৃষকরা লাভবান হবেন, অন্যদিকে বাজারে বিষমুক্ত সবজির সরবরাহ বাড়বে।
পাহাড়ের এই সবুজ শিম ক্ষেত এখন শুধু কৃষকের জীবিকাই নয়, পর্যটকদের কাছেও এক মনোমুগ্ধকর দৃশ্য হয়ে উঠেছে। শীতের সকালে কুয়াশার চাদরে ঢাকা পাহাড় আর মাচায় ঝুলন্ত সবুজ শিম — সব মিলিয়ে বান্দরবান এখন সেজেছে এক অন্যরকম সাজে।
মতামত