সিলেটের সারদা স্মৃতি হলে তালা ঝুলিয়েছেন জেলা ও মহানগর জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থার (জাসাস) নেতৃবৃন্দ। এ সময় হলের ভেতরে থাকা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবিসহ সম্মিলিত সাংস্কৃতিক জোটের বিভিন্ন নেতার ছবি সংবলিত ফ্রেম সরিয়ে ফেলেন তাঁরা।
সোমবার (১৬ নভেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে জাসাস নেতারা হলে তালা ঝুলিয়ে দেন।
এ সময় গণমাধ্যমের কাছে জাসাস নেতারা অভিযোগ করেন,সম্মিলিত সাংস্কৃতিক জোট এবং সংগঠনটির দুই নেতা শামসুল ইসলাম সেলিম ও রজতকান্তি গুপ্ত এটিকে আওয়ামী লীগের অঙ্গসংগঠনে পরিণত করেছিলেন। দীর্ঘদিন ধরে তাঁরা খবর পাচ্ছিলেন,সারদা স্মৃতি হলে জোটের নেতারা জড়ো হয়ে সভা করছেন। প্রথমে বিষয়টি বিশ্বাস না করলেও রোববার রাতে এ ধরনের একটি সভার প্রস্তুতির খবর পান বলে জানান তাঁরা।
জাসাস নেতারা আরও বলেন,এ কারণে সোমবার তাঁরা সারদা স্মৃতি হলে যান এবং শেখ মুজিবুর রহমানের ছবিসহ তাঁদের ভাষায় ‘ফ্যাসিস্টের দোসরদের’ ছবি সরিয়ে ফেলেন। পরে হলে তালা লাগিয়ে দেন।
তাঁরা জানান,সারদা স্মৃতি হলের মালিক সিলেট সিটি করপোরেশন (সিসিক)। হলের চাবি সিসিক প্রশাসকের কাছে হস্তান্তর করা হবে। পরবর্তী সিদ্ধান্ত প্রশাসক নেবেন।
বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট জেলা জাসাসের সাধারণ সম্পাদক রায়হান হোসেন রায়হান। তিনি জানান,এ সময় সিলেট জেলা ও মহানগর জাসাসের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ সংগঠনটির অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
মতামত